# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর দোকানপাট ভাঙচুর করা হয়। ২৫ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের চণ্ডিবের এলাকার পশ্চিম পাড়া করিম ডিসির বাড়ি ও পাগলা বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে নাইম মিয়া (২২), ইব্রাহীম মিয়া (২৬), সিয়াম মিয়া (২২), জুয়েল মিয়া (১৮), কাউসার মিয়া (১৬), শরীফ মিয়া (২৫), আসিক মিয়া (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ইব্রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জুলাই বুধবার দুপুরে চণ্ডিবের পাগলা বাড়ির পাপনের সাথে এক রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। এসময় পাপন অটোরিকশা আটকিয়ে রাখে। পরে করিম ডিসির বাড়ির মিন্টু মিয়া ও খোকন মিয়াসহ স্থানীয়রা অটোরিকশাটি উদ্ধার করে অটো চালককে ফিরিয়ে দেয়। তবে ওই এই ঘটনাকে কেন্দ্র করে তাদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক মিটমাট করে দেয়। বিষয়টি সমাধান হলেও স্থানীয় যুবকদের মধ্যে দুইদিন যাবত উত্তেজনা ছিল। ২৫ জুলাই শুক্রবার রাত ১০টায় স্থানীয় সাবেক কাউন্সিলর বিষয়টি আবার সমাধান করতে চেষ্টা করেন। এমনকি সমাধানও করেন। রাত সাড়ে ১০টায় করিম ডিসির বাড়ি ও পাগলা বাড়ির যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। পরক্ষণে দুই পক্ষ লাঠি-সোঁটা, দা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হন। করিম ডিসির বাড়ি ও পাগলা বাড়ির সংঘর্ষে মধ্যস্থানে রাস্তার উভয় পাশে থাকা কাজি বাড়ি, মোল্লা বাড়ি, শিকদার বাড়ি, মীরবাড়ি ও বিভিন্ন বাড়ির দোকানপাটসহ ৫০টির মতো বাড়িঘর ভাঙচুর করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাশেদ মোল্লা বলেন, গত তিন দিন আগে পাগলা বাড়ির পাপন মিয়া নামে এক যুবক মোটরসাইকেল দিয়ে এক অটোচালককে ধাক্কা দিলে অটোরিকশাটি পড়ে যায়। এসময় এক মহিলা যাত্রী আহত হয়। পরে অটো চালকের রিকশাটিও রেখে দেয় পাপন নামের যুবক। পরে করিম ডিসির বাড়ির মিন্টু মিয়া ও খোকন মিয়াসহ স্থানীয়রা অটোরিকশাটি উদ্ধার করে দিতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একই বিষয় নিয়ে দুইদিন পর ২৫ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নাসির মিয়া জানান, আমরাতো নিরপরাধ মানুষ। আমাদের দোকানপাট কেন ভাঙচুর করা হয়েছে। দুইদিন পর পর বিভিন্ন বংশ ঝগড়া করলেই আমাদের বাড়িঘর দোকানপাট ভাঙচুর করে। আমরা এলাকার ঝগড়ার স্থায়ী সমাধান চাই। দোষীদের কঠোর বিচার চাই।
ঝগড়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভৈরবে সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে চলে গেছে। দু’দিন যেতে না যেতেই ঝগড়া লেগে যায় এর প্রধান কারণ স্থানীয় নেতৃবৃন্দের চরম গাফিলতি। প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐক্যবদ্ধ হলে এ সংঘর্ষের সৃষ্টি হতো না। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।