# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট। থেমে থেমে চলছে গাড়ি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িতে বসে থেকে ভোগান্তিতে চালকসহ যাত্রীরা। যান চলাচল স্বাভাবিক রাখতে ভৈরব হাইওয়ে থানা ও আশুগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন, পাশে রয়েছে ট্রাফিক পুলিশও। আজ ১০ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যানজট দেখা যায়। এ নিউজ লেখা পর্যন্ত যানজট লেগে আছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ প্রান্তে সড়কে বড় বড় গর্ত থাকায় ভৈরবে যানজট সৃষ্টি হয়েছে। নরসিংদীর ইটাখলা থেকে শুরু করে চৈতন্য, মরজাল, বারৈচা, নারায়ণপুর, ভৈরবের জগন্নাথপুর ব্রিজ, দুর্জয় মোড় বাসস্ট্যান্ড ও সৈয়দ নজরুল ইসলাম টোল প্লাজাসহ ইটাখলা থেকে ভৈরব পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার যানজট লেগে আছে। টানা তিন দিনের বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডসহ ভৈরব বাসস্ট্যান্ডে ও আশুগঞ্জ গোল চত্বর এলাকায় ছোট ছোট গর্তগুলো আরও বড় আকার ধারণ করেছে। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ দূরপাল্লার অনেক যানবাহন সড়কে আটকা পড়ে আছে।
এ বিষয়ে ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ভোগান্তিতে পড়ে আছি। না খেয়ে বসে আছি। গাড়ি ২ মিনিট চললে আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটগামী পণ্যবাহী ট্রাক চালক কাজিম আলী বলেন, দেড় ঘণ্টা যাবত একই জায়গায় দাঁড়িয়ে আছি। ১০ মিনিটের রাস্তা এসেছি ৪ ঘণ্টায়। যাচ্ছি সিলেটে। কখন সিলেট পৌঁছাবো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বৃষ্টি হলেই সড়কে ভোগান্তি বেড়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা যায়, ভারতকে ট্রানজিট সুবিধা দিতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। ভারতীয় ঋণে ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতের এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশ ছেড়ে চলে যান। প্রায় তিন মাস পর তাঁরা ফিরে এলেও কাজের গতি আর আগের মতো হয়নি। এদিকে রাস্তার কাজে ব্যবহৃত ঠিকাদারের লক্ষ লক্ষ টাকার কাঁচামাল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশের (এসআই) দুলাল মিয়া বলেন, সকাল ৬টায় ডিউটিতে এসে যানজট পায়। দুপুর পর্যন্ত তিনটা চারটা করে গাড়ি সিগন্যাল থেকে ছাড়ছি। আশুগঞ্জ সড়কে যানজটের কারণে ভৈরবে যানজট লেগে আছে।
সৈয়দ নজরুল ইসলাম টোল প্লাজার সিনিয়র সুপারভাইজার বিল্লাল মিয়া বলেন, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত কাজ বন্ধ থাকায় বৃষ্টিতে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত কাজ না করায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে ব্রিজে বেশি গাড়ি ছাড়া যাচ্ছে না। ভারী যানগুলোর কারণে ব্রিজের স্প্রিংয়ে সমস্যা হতে পারে। তাই টোলপ্লাজা থেকে থেমে থেমে গাড়ি ছাড়া হচ্ছে।
ভৈরবে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহবুর রহমান বলেন, ভৈরব থেকে যান চলাচলের কোন সমস্যা হচ্ছে না। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত ভাঙ্গা রাস্তার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এদিকে কিছু লোকাল ছোট বড় যানবাহনগুলো কোনো নিয়ম মানছে না। আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে এই যানজটের সমাধান হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ভৈরব থেকে যানজট সৃষ্টি হয়নি। আশুগঞ্জ প্রান্তে যানজট সৃষ্টির কারণে ভৈরবে যানগুলো আটকে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে সমস্য সমাধানের ব্যবস্থা করা হবে।