• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভার ১১২ কোটি ১৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

# আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভার হল রুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ১১২ কোটি ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষণা করেছেন। এ বাজেটে পৌর নাগরিকদের উপর নতুন কোন ধরণের কর আরোপ করা হয়নি। বাজেটে রাজস্ব তহবিল, পানি সরবরাহ ও উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ আয় ধরা হয়েছে।
এছাড়া বাজেটে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ২৫ কোটি ৮৮ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা ও উন্নয়ন খাতে ৭৫ কোটি ২২ লক্ষ ২০ হাজার টাকা এবং উদ্বৃতি রাখা হয়েছে ১১ কোটি ৩ লক্ষ ৬৮ হাজার ৫২৯ টাকা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বাজেট উপস্থাপনকালে বলেন, নগরবাসীর মৌলিক চাহিদা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এবারের বাজেটে পৌর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পানিয়জলের সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, রাজস্ব আয় ও উন্নয়ন সহায়তা মিলিয়ে টেকসই ও বাস্তবমুখী একটি বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে জনসাধারণের করের টাকায় কোন রকম অপচয় না করে নাগরিকদের সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বাজেট ঘোষণার সময় নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে শবনম শারমিন আরো বলেন, পৌরসভার উন্নয়নে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে সেবা পেতে জনগণ আত্মবিশ্বাসী হয়।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠান শেষে বাজেটের সারসংক্ষেপ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব থানার পরিদর্শক তদন্ত আবু তালেব ও পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শেরদিল নঈমসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা ও ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *