• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজন নিহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দুইজন ও কুলিয়ারচরে ১ জনসহ বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ১১ মে রোববার বিকালে ঝড় বৃষ্টির পূর্ব মুহূর্তে পৃথক স্থানে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনুছ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (তৌহিদ) (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারী নগর এলাকার সফিক ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. ওম্মে হাবীবা জুঁই বলেন, তিনজনকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত জেনে নিহতের স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছে।
এ বিষয়ে নিহত ফারুক মিয়ার ভাতিজা খোকন মিয়া বলেন, বাড়ির পশ্চিম পাশে জমিতে কাজ করছিল আমার চাচা ফারুক মিয়া। আকাশ মেঘলা দেখে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়িতে আসার মুহূর্তে বজ্রপাতে আহত হোন। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চাচার পরিবার কৃষি নির্ভর। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত কবির মিয়ার ফুফাতো ভাই ডা. এমাদ সরকার বলেন, আমার ভাই বাড়ির পাশে মাঠ থেকে ধানের খড় আনতে গিয়েছিল। হঠাৎ সাড়ে তিনটায় বজ্রপাতে আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কবির চলতি বছরে ভৈরব সরকারি হাজী আসমত কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিল। সংসারে ছয় ভাই ও ১ বোন। ভাইবোনদের মধ্যে সে পঞ্চম।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ভৈরবে প্রচুর ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতের সময় আমাকেও কাজে বাইরে থাকতে হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু বিষয়টি জেনেছি। আমি পুলিশ পাঠিয়ে নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *