# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে এবার ৬ষ্ঠ শ্রেণিতে লটারিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তুলায় দ্বিগুণ শিক্ষার্থী অপেক্ষমান তালিকায়। শেষ পর্যন্ত অপেক্ষমান তালিকার খুব স্বল্প সংখ্যক ভর্তির সুযোগ পেলেও শত শত শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিতই থেকে যাবে। ফলে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের ‘ঘুম হারাম’ অবস্থা। তারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে গিয়ে ধরনা দিচ্ছেন, কী করে তাদের সন্তানদের ভর্তির ব্যবস্থা করা যায়। বিভিন্ন প্রভাবশালী লোকদের দিয়ে সুপারিশ করাচ্ছেন। কিন্তু প্রধান শিক্ষকরা অপারগ। সরকারের নিয়মের বাইরে তাদের কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দিচ্ছেন।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বেশ কিছু অভিভাবক প্রধান শিক্ষক মোবারক হোসেনের কক্ষে বসে কাকুতি মিনতি করছেন। আরও বেশ কিছু অভিভাবক উদ্বেগ নিয়ে বাইরে অপেক্ষা করছেন। ভেতরের অভিভাবকরা বের হলে তারা ঢুকবেন।
প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, তার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে আসন দেওয়া হয়েছে ২৭২টি। কিন্তু অপেক্ষমান তালিকায় আছে আরও ৫৫০ জন। অপেক্ষমানদের চাপ লঘু করার কৌশল হিসেবে তাদের দুটি তালিকা করা হয়েছে। প্রথম তালিকায় রাখা হয়েছে ২৭৫ জনকে, দ্বিতীয় তালিকায়ও রাখা হয়েছে ২৭৫ জনকে। প্রধান শিক্ষক জানান, তার বিদ্যালয়ে দুই শিফটে এক হাজার শিক্ষার্থী ভর্তির সকল প্রকার সক্ষমতা আছে। এতদিন দুই শিফটই ছিল। কিন্তু এবার থেকে সরকার ডাবল শিফট মানা করে দিয়েছে। তিনি জানান, ‘আমি দরিদ্র শিক্ষার্থীর বেতন মওকুফ বা অর্ধেক করে দিতে পারবো। কিন্তু একজনও অতিরিক্ত ভর্তির ক্ষমতা আমার নেই।’
প্রধান শিক্ষক মোবারক হোসেনের কক্ষে কথা হয় হোসেনপুর মহিলা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে। তার মেয়ের নাম অপেক্ষমান তালিকার ১৬৯ ক্রমিকে রয়েছে। ফলে তিনি প্রচণ্ড উদ্বিগ্ন। যারা লটারিতে টিকেছে, তাদের মধ্যে ১৬৯ জন ভর্তি না হলে তবেই তো তার মেয়ে সুযোগ পাবে। কাজেই ভর্তির আশা দূরাশা মাত্র বলেই তিনি মনে করছেন। শহরের খরমপট্টি এলাকার লিপি রাণী ঘোষ নামে একজন বীমা কর্মকর্তা জানিয়েছেন, তার ছেলেও লটারিতে সুযোগ পায়নি। অপেক্ষমান তালিকায় আছে কি না, তাও জানেন না। ছেলের শিক্ষা জীবন নিয়ে তিনিও উদ্বেগে রয়েছেন। প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কিশোরগঞ্জ জেলা কর্মকর্তা মনিরুল হক। তিনি নাটোর থেকে বদলি হয়ে কিশোরগঞ্জে এসেছেন। তার মেয়ে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে এবার ৭ম থেকে তৃতীয় স্থান অধিকার করে ৮ম শ্রেণিতে উঠেছে। পরিবার কিশোরগঞ্জে নিয়ে এসেছেন। অথচ মেয়েকে এখানে ভর্তি করাতে পারছেন না। প্রধান শিক্ষক মোবারক হোসেন এ ব্যাপারেও অপারগতা প্রকাশ করেছেন। ফলে মনিরুল হকও প্রচণ্ড উদ্বেগে আছেন। এরকম শত শত অভিভাবক সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বেগে দিন পার করছেন।
জেলা শহরের সরকারি সরযূ বালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জেসমিন জানিয়েছেন, তার বিদ্যালয়ে দুই শিফটে ক্লাশ হয়। প্রতি শিফটে তিনটি শাখা রয়েছে। প্রতি শাখায় ৫৫ জন ছাত্রী লটারিতে সুযোগ পেয়েছে। ফলে দুই শিফটে সুযোগ পেয়েছে মোট ৩৩০ জন ছাত্রী। আর দুটি অপেক্ষমান তালিকায় রয়েছে ১৬৫ জন করে।
সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম জানিয়েছেন, তার বিদ্যালয়েও দুই শিফটে তিনটি করে শাখায় মোট ৩৩০ জন ছাত্র লটারিতে সুযোগ পেয়েছে। আর দুটি অপেক্ষমান তালিকায় রয়েছে ১০৮ জন করে।
জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা জানান, তার বিদ্যালয়েও তিন শাখায় মোট ১৬৫ জন লটারিতে ভর্তির সুযোগ পেয়েছিল। অপেক্ষমান ছিল দুই তালিকায় ১৬৫ জন করে। তবে লটারিতে সুযোগ পাওয়াদের মধ্যে ভর্তি হয়েছে ১০০ জন। ফলে অপেক্ষমান তালিকা থেকে আরও ৬০ জনের নাম টানানো হয়েছে। তাদের ভর্তির সময়সীমা দেওয়া হয়েছে রোববারের মধ্যে। শহরের জেল সরণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানিয়েছেন, তার বিদ্যালয়ে লটারিতে সুযোগ পেয়েছে ২২০ জন। আর দুটি অপেক্ষমান তালিকায় রয়েছে ২২০ জন করে। শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তার বিদ্যালয়ে লটারিতে সুযোগ পেয়েছে ১৬৫ জন। আর দুটি অপেক্ষমান তালিকায় রয়েছে ২২০ জন করে।
হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান জানিয়েছেন, তার বিদ্যালয়টি পৌরসভার বাইরে পড়েছে। ফলে এখানে লটারির কোন বিষয় নেই। তবে তার স্কুলে প্রতি শাখায় ৫৫ জন করে তিন শাখায় ১৬৫ জন ভর্তির সংখ্যা নির্ধারণ করে দেওয়া আছে। সারা দেশের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তিনি জানান, সকল জেলা সদরের সকল বিদ্যালয়ে লটারি প্রযোজ্য। যেসব উপজেলায় পৌরসভা আছে, সেখানে পৌরসভার সকল বিদ্যালয়ে লটারি হবে। আর যেসব উপজেলায় পৌরসভা নেই, সেখানে কেবল উপজেলা সদরের সরকারি বিদ্যালয়ে লটারি প্রযোজ্য। অন্য সকল বিদ্যালয়ে প্রতি শাখায় ৫৫ জন ভর্তি করাতে হবে। তার বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আফাজুর রহমান খান। তবে সকল আসনে ভর্তি সম্পন্ন হবার পরও যদি কোন শিক্ষার্থী ভর্তির বাইরে থাকে, তখন কমিটি বিশেষ বিবেচনা করতে পারে বলে তিনি জানিয়েছেন।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভর্তির যে নিয়ম করে দেওয়া হয়েছে, এর বাইরে যাওয়ার কারও সুযোগ নেই। একজন শিক্ষার্থীও বাড়তি ভর্তি করাতে পারবে না। নির্ধারিত আসন খালি থাকলে তখন অপেক্ষমান তালিকা থেকে নিতে হবে। সারা জেলায় সরকারি-বেসরকারি ২৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ আছে ৫৯ হাজার ২৫১ জন শিক্ষার্থীর। কিন্তু ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৩৪৭ জন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কাযালয়ের অফিস সহকারী মো. আবুল কালাম। ফলে জেলায় দুই হাজার ১১৬ জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।