# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কৃষক মোতালিব মিয়া। তার বাড়ির পাশেই ২০ শতক জমিতে উচ্চ ফলনশীল জাতের জি-নাইন জাতের কলা চাষ করেছেন। মাত্র ৮ মাসেই ফলন কর্তন করতে পেরেছেন। এ কলাগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতে সুস্বাদু। একেকটা কলার ছড়ি অনেক বড়। এ জাতের কলার বাজার দরও অনেক ভাল বললেন কৃষক। কৃষি অফিস বলছেন এটি একটি উন্নত জাতের কলা হওয়ায় এর চাহিদা বাড়ছে পাশাপাশি এ কলা চাষ করে কৃষকরাও লাভবান হচ্ছেন।
সরেজমিনে জানা যায়, কৃষক মোতালিব মিয়া জি-নাইন জাতের ১০০টি কলার চারা রোপন করেছেন। রোপনের প্রায় চার মাসের মাথায় গাছে কলার ছড়ি এসেছে। একেকটি ছড়িতে ১৫ থেকে ২০ টির মত কাঁদি হয়ে থাকে। একেকটি ছড়ি থেকে প্রায় দেড় শতের বেশি কলা পাওয়া যায়। পোকা মাকড়ের উপদ্রব থেকে নিরাপদ রাখতে নিয়মিত পরিচর্যা করায় কলাগুলোর জীবতকালিন সময় বেশি হয়। এই জাতের কলার একেকটি ছড়ির ওজন দেড় থেকে ২ মণ পর্যন্তও হয়ে থাকে। এসব কলার সৌন্দর্য দেখে আকর্ষণ বাড়তে থাকে স্থানীয় ক্রেতাদের। জি-নাইন কলা বাজারে বিক্রি করে অধিক টাকা লাভবান হওয়া যায়। এই কলার চাষ করতে কৃষকের ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে ২০ থেকে ২৫ হাজার টাকার কলা বিক্রিও করেছেন। বাগানের বাকিগুলো বিক্রি করতে পারলে সব মিলিয়ে তার প্রায় ৬০ হাজার টাকার মত আসবে। এতে তার প্রায় ৪০ হাজার টাকার মত লাভ হতে পারে। মোতালিব মিয়ার নতুন জাতের কলা চাষ দেখে কলা চাষের প্রস্তুতি নিচ্ছেন এলাকার কৃষকরা। জি-নাইন কলার বাণিজ্যিক চাষ সম্প্রসারিত হলে এই অঞ্চলের অর্থনীতির গতিধারা বদলে যাবে। জি-নাইন জাতের কলা চাষ করে চাষিরা যেমন স্বাবলম্বী হতে পারবেন অপরদিকে এলাকার বেকারত্বও দূর হবে বলছেন অভিজ্ঞ মহল।
কৃষক মোতালিব মিয়া বলেন, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ৭ মাস আগে জি-নাইন জাতের একশতটি কলার চারা রোপন করি। রোপনের ৪ মাসের মাঝেই গাছগুলোতে কলা আসতে শুরু করে। ৮ মাস হতেই গাছ থেকে কলা কর্তন শুরু করি। কলাগুলো দেখতে সুন্দর ও ছড়া বেশ বড়। একেকটি ছড়াতে প্রায় ২০ থেকে ২২টির মত কাঁদি হয়েছে। বলতে গেলে একেকটি ছড়া থেকে ২শতর বেশি কলা হয়েছে। এ কলার চাহিদাও বাড়ছে যেমন দামও বেশি। জি-নাইন কলা একবার রোপন করলে ২ বছরে ৩ বার ফলন পাওয়া যায়। সাধরণ কলার যে ছড়া বিক্রি হয় ২ থেকে আড়াইশত টাকা সেখানে জি-নাইন জাতের কলার ছড়া বিক্রি হচ্ছে ছয়শত থেকে সাড়ে ছয়শত টাকা। প্রথম বারই আমার লাভ হচ্ছে কম করে হলেও ৪০ হাজার টাকা। আমার কলার চাষ দেখে অনেকেই আমার কাছ থেকে কলার চারা নিচ্ছে চাষ করবে বলে।
এলাকাবাসী ছালেহ আহমেদ ও ফরিদ মিয়া বলেন, মোতালিব মিয়ার জমিতে চাষ করা জি-নাইন জাতের কলাগুলো দেখতেও অনেক সুন্দর এবং বাজারে এর ভালো চাহিদা রয়েছে। অন্যান্য কলার ছড়ির দাম হয় ২শ থেকে ২৫০ টাকা। আর এ কলার ছড়ির দাম পাওয়া যায় ৫শ থেকে ৬শত টাকা। গাছগুলোতে রোগ বালাইও কম হয়। আমরা তার কাছ থেকে চারা নিয়ে আমাদের জমিতে রোপন করব।
কৃষক মাইনুদ্দিন আহমেদ বলেন, মোতালিব ভাই জি-নাইন জাতের টিস্যু কালচারের চারা রোপন করেছে। এ চারার বিশেষ ভাল দিকটা হচ্ছে একেকটা ছড়াতে প্রায় ৩শত কলা হয়ে থাকে। কলার আকারও অনেক বড় হয়। আমি অন্য স্থানে দেখেছি ৩টি কলাতেই ১ কেজি হয়ে গিয়েছে। আমি নিজেও পরীক্ষামূলক ভাবে কয়েকটা চারা রোপন করেছি। এখানে এসেছি বাগানটা দেখতে এবং ফলনের পরিচর্যা ও বাজার দরটা কেমন। কলা বাগানটি দেখে অনেক ভাল লাগল। এই কলা দেখতে সুন্দর, বাজার দর ভাল উৎপাদন ক্ষমতাও বেশি। তিনি একেকটা ছড়া পাইকারি দামেই গড়ে ছয়শত টাকা পাচ্ছেন। কিছু দিনের মধ্যেই আমার জমিতে আরো বেশি করে এ জাতের চারা রোপন করব। এ কলাবাগান করতে পারলে উৎপাদন ভালো হলে লাভ করা যাবে।
কালিকাপ্রসাদ ইউনিয়ন ব্লক সুপারভাইজার চন্দন সূত্রধর বলেন, জি-নাইন জাতের কলার জীবতকালিন সময় বেশি। এ কলা দেখতে সুন্দর ও বড় জাতের হয় বলে ক্রেতা আকর্ষণ করবে। বাজারে বিক্রি করে অধিক টাকা লাভবান হতে পারবে কৃষক। ইতিমধ্যেই চাষি বেশ কিছু কলা বিক্রি করতে পেরেছেন। একবার চাষ করলে ৮ মাস অন্তর অন্তর ২ বছরে ৩ বার ফলন পাওয়া যায়। মোতালিব মিয়া কলা চাষ করে লাভবান হওয়ায় অনেক কৃষকই এ জাতের চারা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা কৃষকদের জমিতে গিয়ে ফসলের পরিচর্যা ও ভাল ফলন পেতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের পরামর্শে কৃষকরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, কালিকাপ্রসাদ ইউনিয়নের কৃষক মোতালিব মিয়াকে একটি প্রদর্শণী দেয়া হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে এ প্রদর্শনীটি প্রদান করা হয়। এ চারাগুলো উচ্চ ফলনশীল জাতে জি-নাইন কলা। এটি টিস্যু কালচারের চারা। টিস্যু কালচারালের চারা হওয়াতে অল্প সময়ের মধ্যে ফলন আসে। জি-নাইন জাতের কলার বিশেষ বৈশিষ্ট হচ্ছে কলার ছড়া খুবই বড় হয়। একেকটি ছড়াতে ২ থেকে আড়াইশত পিস কলা হয়ে থাকে। আমরা আশা করছি জি-নাইন জাতের কলা চাষ করে কৃষক ভাইয়েরা অনেক লাভবান হতে পারবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন জায়গায় এ কলার চাষ আরো সম্প্রসারিত হবে।