ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে প্রতি ডিমে দুই টাকা ৮৪ পয়সা বেশি দাম রাখায় এবং মূল্য তালিকা না রাখায় দুই পাইকারী প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, তিনি সোমবার কটিয়াদী উপজেলার আচমিতা বাজারে অভিযান চালিয়ে ‘মায়ের দোয়া’ নামে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা এবং সদর উপজেলার বিন্নাটি বাজারে অভিযান চালিয়ে আল মদিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর গত ১৫ সেপ্টেম্বর পাইকারী বাজারে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে ১১ টাকা ১ পয়সা। কিন্তু বিক্রি করছিল ১৩ টাকা ৮৫ পয়সা করে। অভিযানকালে আইন শৃংখলা বহিনী সহায়তা করেছে।