# মিলাদ হোসেন অপু :-
কুলিয়ারচরে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে বিশেষ অভিযানে উপজেলার পূর্ব গাইলকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
আটককৃতরা হলেন, কুলিয়ারচর পালটিয়া এলাকার সৈয়দ মুর্শিদ মিয়ার ছেলে কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সৈয়দ নুরে আলম (৬১) ও তারাকান্দি বাজরা এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. মনির মিয়া (৩১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিল নূরে আলম ও মনির মিয়া। ৪ আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো একসাথে দেশীয় অস্ত্রাদীসহ আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ম্যাসাকার চালায়। গত ৩০ আগস্ট উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ১৫।
আটক নুরে আলম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান। মনির হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ৩০ জুলাই নয়ন মিয়া নামের এক ছাত্র বাদী হয়ে কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান (৪০)’কে প্রধান আসামি করে ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেন। এই মামলায় শুক্রবার দুপুরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেন।