# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের একটি দুর্গা পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ অক্টোবর শুক্রবার বিকালে সদর থানায় অজ্ঞাত আসামি করে মামলা (মামলা নং ১২) হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ওসি মো. শ্যামল মিয়া। তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে থানার পরিদর্শক (অপারেশনস) শেখর রঞ্জন পলকে। মামলার বাদী হয়েছেন আখড়ার পূজা মণ্ডপ কমিটির সভাপতি লিটন চন্দ্র সরকার।
শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দৃর্বৃত্তরা মণ্ডপের প্রতিটি প্রতিমাই ভাঙচুর করেছে। খবর পেয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. মাশরুকুর রহমান খালেদ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনা ও র্যাব কর্মকর্তাগণও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আখড়ার পূজা মণ্ডপ কমিটির সভাপতি লিটন চন্দ্র সরকার বাদী দণ্ডবিধির ২৯৫/৩৪ ধারায় অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেছেন। তবে পুলিশ বিভাগ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এগুলি বিশ্লেষণ করাসহ নানা কৌশলে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ভারপ্রাপ্ত ওসি শ্যামল মিয়া। এ ঘটনায় শুক্রবার বিকাল ৬টা পর্যন্ত কেউ আটক হয়নি।
বাদী লিটন চন্দ্র সরকার জানিয়েছেন, ওই আখড়ায় এবারই প্রথম দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। আখড়ার দুটি ফটক রাতে বন্ধ ছিল। ৫ থেকে ৭ জন স্বেচ্ছাসেবক রাত-দিন প্রহরায় থাকতেন। কিন্তু ওই রাতে সাড়ে ৩টার দিকে তারা ঘুমিয়ে যান। ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখেন প্রতিমাগুলো ভেঙে ফেলা হয়েছে। তিনি দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সদর থানার ওসি তারিকুল ইসলামকে বৃহস্পতিবারই প্রত্যাহার করে শ্যামল মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের লোকজন বৃহস্পতিবার শহরে প্রতিবাদ মিছিল করেছেন।