• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর সদর থানার ওসি ক্লোজড

কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর
সদর থানার ওসি ক্লোজড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের একটি মণ্ডপে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দৃর্বৃত্তরা মণ্ডপের প্রতিটি প্রতিমাই ভাঙচুর করেছে। খবর পেয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানম, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনা সদস্য ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে পূজারিদের আশ্বস্ত করেছেন। এ ঘটনায় সদর থানার ওসি তরিকুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া এখন ওসির দায়িত্ব নিয়েছেন।
আইন শৃংখলা বাহিনী আখড়ার আশপাশের এলাকার সকল সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে বলে জানা গেছে। আখড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শহরে একটি প্রতিবাদ মিছিল হয়েছে।
আখড়ার সাধারণ সম্পাদক সজিব সাহা ও সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার দাস জানান, এই আখড়ায় এবারই প্রথম দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। আখড়ার দুটি ফটকই রাতে বন্ধ ছিল। এখানে ৫ থেকে ৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। কিন্তু গতরাত সাড়ে ৩টার দিকে তারা ঘুমিয়ে যান। ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখেন প্রতিমাগুলো ভেঙে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা দেওয়াল টপকে ঢুকে ভাঙচুর করেছে। নেতৃবৃন্দ খবর পেয়ে মণ্ডপের চিত্র দেখে তাৎক্ষণিক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা ক্যাম্প ও র‌্যাবকে জানান। খবর পেয়েই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ও র‌্যাব কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তারা আরও জানান, এখন পূজার যে সময় বাকি আছে, এই সময়ের মধ্যে প্রতিমা সংস্কার করে পূজার আয়োজন সম্ভব হবে না। যদি তৈরি করা প্রতিমা কিনতে পাওয়া যায়, তাহলে হয়ত পূজাটা করা যাবে, তা না হলে পূজা বাদ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *