# মোস্তফা কামাল :-
পীরের আদেশে মৃত্যুর আগেই কবরের বাসিন্দা হয়েছেন বৃদ্ধ মাহমুদ আলী (৯১)। এটিকে এখনই মাজার হিসেবেও প্রচার করা হচ্ছে। এখন থেকেই সেখানে ওরসও শুরু হয়ে গেছে। মৃত্যুর পর হবে বড় করে নিয়মিত বার্ষিক ওরস। তবে মাহমুদ আলীকে জীবদ্দশায় নিজের কবর নির্মাণের আদেশ দিলেও তাঁর গাজীপুরের পীর আব্দুস সামাদ খন্দকার নিজে তা করেননি। পীরের মৃত্যুর পর মুরিদরা কবর তৈরি করে তাঁকে দাফন করেছেন।
৫ ফেব্রুয়ারি সোমবার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারী গ্রামে গিয়ে দেখা গেছে, মাহমুদ আলী নিজ বাড়ির সামনে এরকমই এক নজিরবিহীন স্থাপনা নির্মাণ করেছেন। তাঁর মাজারকে কেন্দ্র করে চার বছর ধরে ওরসও হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তখন বাউল গানও হয়। তবে ওরসের নির্দিষ্ট তারিখ নেই। পৌষ বা মাঘ মাসে হয়। ভক্তরা ওরস আয়োজনের জন্য কিছু টাকা পয়সাও নিয়ে আসেন। তবে মৃত্যুর পর মৃত্যু তারিখে ওরস হবে বলে মাহমুদ আলী জানিয়েছেন।
মাহমুদ আলীর জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ ১৯৩৩ সালের ৭ আগস্ট। বাবার নাম ছিল আছমাইল। মাহমুদ আলী জানান, তিনি প্রায় ৭০ বছর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিরবাড়ি চাঁনপুর এলাকার পীর আব্দুস সামাদ খন্দকারের কাছে শীষ্যত্ব গ্রহণ করেন। পীর মারা গেছেন ১৯৮৮ সালে। তবে তিনি বেঁচে থাকতেই মাহমুদ আলীকে আদেশ করে গিয়েছেন, যেন তিনি জীবিত থাকতেই তাঁর বাড়িতে নিজের কবর তৈরি করে রাখেন। সেটি তাঁর মাজার হিসেবেও প্রতিষ্ঠা হবে। পীরের আদেশমত মাহমুদ আলী নিজের বাড়ির সামনেই মাটি ভরাট করে ৫ বছর আগে ৬ লাখ টাকা খরচ করে কবরসহ ছাদওয়ালা পাকা মাজার ঘর নির্মাণ করেন। তবে কবর এখনও খনন হয়নি। মেঝেতে একটি খাট ফেলে তাতেই তিনি বসবাস করেন। মৃত্যুর পর খাট সরিয়ে সেখানে কবর খনন করে তাতে সমাধিস্থ করা হবে মাহমুদ আলীকে।
তাঁর কাছে পীরের একটি ছবি রয়েছে। সেটি মাথার পাশেই থাকে। মাঝে মাঝে বুকে জড়িয়ে রাখেন। পীরের আদেশমত কবর নির্মাণে কেন ৩১ বছর বিলম্ব করলেন, এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, ‘এত বছর তো শরীরে শক্তি ছিল। আরও অনেক দিন বাঁচবো বলে বিশ্বাস ছিল। সেই কারণে এত বছর কবর নির্মাণ করিনি। এখন বৃদ্ধ হয়েছি। সেই কারণেই এখন কবর তৈরি করেছি।’ কাফনের কাপড়ও কিনে রেখেছেন কি না প্রশ্ন করলে বলেন, মারা যাবার পর ছেলে-মেয়েরাই কাফনের কাপড় কিনে দিবে। তিনি একাই কবর ঘরের বাসিন্দা। রাতে একা একা ভয় করে কী না, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন কী না প্রশ্ন করলে বলেন, ‘একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কোন খারাপ বা ভয়ের স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে পীরকে স্বপ্নে দেখি। তিনি নানারকম পরামর্শ দেন।’
মাহমুদ আলী জানান, তাঁর প্রথম স্ত্রী সাবিকুন্নাহার ১৯৮৯ সালে মারা গেছেন। সেই সংসারে ৫ মেয়ে আর ২ ছেলে রয়েছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর ১১ মাস পর রাশিদা খাতুন নামে বর্তমান স্ত্রীকে বিয়ে করেন। তিনি জীবিত আছেন। এই সংসারে ৩ ছেলে ১ মেয়ে রয়েছেন। তবে সবাই আলাদা হয়ে গেছেন। বাবার সঙ্গে রয়েছেন কেবল ছোট ছেলে সরল মিয়া (২২)। মাহমুদ আলীর কিছু জমিজমা রয়েছে। সেগুলি সন্তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। স্ত্রী রাশিদা খাতুন মাজার ঘরেই স্বামীর খাবার দিয়ে যান। দুই বেলা রুটি, একবেলা ভাত খান। নামাজ-রোজাও করেন। তবে বয়সের কারণে সবসময় পারেন না। মাহমুদ আলী ভোটের সময় ভোটও দিতে যান। এবারের সংসদ নির্বাচনেও ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। ৯১ বছর বয়সেও তিনি বেশ সুস্থ ও শক্ত আছেন বলে দেখা গেছে।
একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আদম শফির (৭৩) দেখা পাওয়া যায় মাহমুদ আলীর মাজারে। তিনিও একই পীরের মুরিদ ছিলেন বলে জানিয়েছেন। তবে তাঁর ওপর জীবদ্দশায় এরকম কবর নির্মাণের কোন আদেশ ছিল না বলে জানিয়েছেন। এই অঞ্চলে গাজীপুরের পীরের প্রায় ২০০ মুরিদ রয়েছেন বলে তাঁরা জানিয়েছেন। প্রতিবেশি ব্যবসায়ী জনি মিয়া জানিয়েছেন, মাহমুদ আলীর জীবিত অবস্থায় কবর নির্মাণের ঘটনা এলাকায় বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনিও জানান, মাহমুদ আলীর মৃত্যুর আগেই এখানে ওরস হয়েছে। মৃত্যুর পর হয়ত এর আরও প্রসার ঘটবে। মাহমুদ আলীর নাতি কৃষক হিরণ মিয়াও জানান, তাঁর দাদার মৃত্যুর পর এখানে ভালভাবেই ওরসের আয়োজন করা হবে।
এদিকে হোসেনপুরের ইউএনও অনিন্দ্য মণ্ডল জানান, কবরের জায়গা যে কেউ তৈরি করে রাখতেই পারেন। তবে ওরসের বিষয়টির সঙ্গে আইন শৃংখলার বিষয় জড়িত থাকে। সেরকম কোন সমস্যা হলে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করবে।