শিশুদের ৬টি ও মায়েদের ৫টি বিপদ চিহ্ন বিষয়ে সচেতনতা তৈরি ও করণীয় নির্ধারণে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি কর্মশালা হয়েছে। আজ ১৩ জুন রোববার দুপুরে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে এবং প্লে ডক্টর হেলথকেয়ার কনসাল্টিং এন্ড এডভারটাইজিং-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রধান ও লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোখলেছুর রহমান, লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মহিউদ্দিন মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেটর মো. ওবায়দুল হক।
অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের ৬টি বিপদ চিহ্ন হচ্ছে খিচুনি, নাভি পাকা, দ্রুত শ্বাস নেয়া অথবা বুকের খাচা দেবে যাওয়া, বুকের দুধ টনতে না পারা, জ্বর বা শরীর ঠাণ্ডা হওয়া এবং নেতিয়ে পড়া। এসব কারণে শিশুর মৃত্যুও ঘটতে পারে। শিশুমৃত্যুর ৫টি কারণ উল্লেখ করা হয়েছে। যেমন শ্বাসপ্রশ্বাসের সাময়িক বরতি ও এম্ফিক্সিয়া, সময়ের পূর্বে জন্মগ্রহণ ও জন্মক্ষণে কম ওজন, রক্তদূষণ বা সেপসিস, মেনিনজাইটিস, নিঃশ্বাসের জন্য আকুতি এবং নিউমোনিয়া। গর্ভকালীন মাতৃমৃত্যুরও ৫টি প্রধান কারণ হিসেবে বলা হয়েছে রক্তক্ষরণ, খিচুনি বা একলাম্পশিয়া, বিলম্বিত প্রসব, গর্ভপাত, অন্যান্য প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ। অনুষ্ঠানে শিশু বা মায়ের কোন সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানানো হয়েছে। বাড়িতে অদক্ষ ধাত্রীর মাধ্যমে প্রসব করানোর কারণে অনেক মাতৃ ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এসব মৃত্যুর ঘটনা অনেক সময় জানা যায় না। এখনও প্রায় ৫০ ভাগ প্রসব বাড়িতে করানো হয়। হাসপাতালে প্রসব করানো সবচেয়ে নিরাপদ। তবে মানুষের সচেতনতা আগের তুলনায় বেড়েছে। যে কারণে শিশু ও মাতৃমৃত্যু এখন অনেক কমেছে বলেও কর্মশালায় জানানো হয়েছে। প্রসবকালে বা প্রসবের ৪২ দিনের মধ্যে প্রসূতির মৃত্যু হলে তাকে মাতৃমৃত্যু বলে গণ্য করা হয়। ২০০৯ সালে মাতৃমৃত্যর হার ছিল প্রতি লাখে ২৫৯ জন। গত ১০ বছরে তা কমে দাঁড়িয়েছে ৯৪ জনে। বাংলাদেশে প্রতিবছর জন্মের পর মারা যায় ৬২ হাজার নবজাতক। এসব শিশু জন্মের প্রথম মাসেই মারা যায়। এর অর্ধেকই মারা যায় জন্মের দিন। অন্যদিকে প্রতিবছর ৫ হাজার ২০০ নারীর মৃত্যু হয় গর্ভকালীন, প্রসবকালীন ও সন্তান জন্মের পর সৃষ্ট জলিতায়। বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার প্রতি এক হাজারে ৩১ জন। এদের মধ্যে জন্মের ২৮ দিনের মাধ্য মারা যায় ৬১ ভাগ।
মাতৃমৃত্যু রোধের ক্ষেত্রে প্রসবপূর্ব যত্ন, সন্তান সম্ভবাকে স্বাস্থ্য পরীক্ষা এবং নিরীক্ষণের জন্য কমপক্ষে চারটি প্রসবকালীন চেক করতে যেতে হবে। এসময় ডাক্তার, সেবিকা এবং ধাত্রীরা জরুরি অবস্থায় যেন উপস্থিত থাকেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা, স্বাভাবিক প্রসব নিশ্চিত করা। রক্তক্ষরণ, ক্ষত, অনিরাপদ গর্ভপাত এবং রক্তচাপ হলে যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়। প্রসবের পর ৬ সপ্তাহ জন্মোত্তর যত্ন নিতে হবে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য জন্মের পর শালদুধ খাওয়ানো, নির্ধারিত টিকাগুলো প্রদান করাসহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।