• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version

শোলাকিয়া জঙ্গি হামলার ৫ বছরেও বিচার শুরু হয়নি

শোলাকিয়া জঙ্গি হামলার
৫ বছরেও বিচার শুরু হয়নি

# মোস্তফা কামাল :-

আজ ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় নব্য জেএমবি’র ভয়ঙ্কর জঙ্গি হামলার ৫ বছর পূর্তি। এ সংক্রান্ত মামলায় ২৪ জনকে আসামী করা হলেও ১৯ জন বিভিন্ন সময় আইন শৃংখলা বাহিনীর অভিযানে নিহত হন। জীবিত ৫ জন বিভিন্ন কারাগারে আছেন। তবে আসামীরা হলি আর্টিজানের ঘটনাসহ বিভিন্ন স্পর্শকাতর ঘটনায় অভিযুক্ত হওয়ায় ওইসব মামলার কারণে কিশোরগঞ্জের মামলাটির কার্যক্র শুরু করা সম্ভব হচ্ছে না বলে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানিয়েছেন। যে এই হামলার ৫ বছরেও সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি।
রাজধানীর হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহের মাথায় ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকাল পৌনে ৯টার দিকে দেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগা জামাতে হামলা চালাতে গিয়েছিল জঙ্গিরা। জামাতের নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। জঙ্গিদের টার্গেট ছিল ঈদগার ইমাম মুফতি ফরিদ উদ্দীন মাসউদ এবং বিশাল জামাত। জঙ্গিরা শহরের নীলগঞ্জ রোডের একটি ভাড়া বাসা থেকে বের হয়ে হামলা করতে গিয়েছিলেন। এর আগেই ঈদগার প্রায় ২০০ গজ দূরের উত্তর-পশ্চিম কোণে আজিম উদ্দিন হাইস্কুল সংলগ্ন পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে জঙ্গি শফিউল ইসলাম (২২) ও আবির রহমান (২৩) হ্যান্ড গ্রেনেড ফাটিয়ে চাপাতি দিয়ে হামলা চালিয়ে দুই পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলামকে হত্যা করেন। আহত হন আরও অন্তত ১২ জন পুলিশ সদস্য। এরপর পুলিশের সঙ্গে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুমিল্লার সন্তান জঙ্গি আবির ঘটনাস্থলেই নিহত হন। তৎকালীন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বর্তমানে ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান আবিরের পায়ে গুলি করার পর কনস্টেবল নিকো চাকমা তার মাথায় গুলি করলে আবির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বলে মুর্শেদ জামান জানিয়েছেন। এরপর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে জঙ্গি শফিউল গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। ঘটনাস্থল থেকে শহরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম (২৬) নামে এক যুবকও আটক হন। বন্দুকযুদ্ধের সময় জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ও পিস্তল ব্যবহার করেন। আর বন্দুক যুদ্ধের সময় পাশের বাসার গৌরাঙ্গনাথ ভৌমিকের স্ত্রী গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক (৪০) নিজ ঘরে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে পুলিশ সেদিন নিজেদের জীবন বিপন্ন করে জঙ্গিদের প্রতিরোধের কারণে লাখ লাখ মুসল্লি নিরাপদে নামাজ আদায় করে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছিলেন। অবশ্য আহত জঙ্গি শফিউলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রায় এক মাস র‌্যাবের প্রহরায় চিকিৎসা দেয়া হয়। সুস্থ হওয়ার পর তাকে ২০১৬ সালের ৪ আগস্ট রাতে কিশোরগঞ্জ আনার পথে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় সহযোগী জঙ্গিরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য হামলা চালালে র‌্যাবের সঙ্গে এনকাউন্টারে শফিউল মারা যান।
জঙ্গি হামলার চারদিনের মাথায় ১০ জুলাই চেকপোস্টে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মো. সামসুদ্দীন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী)/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২/১৩ ধারায় সদর মডেল থানায় মামলা (নং ১৪) করেছিলেন। এতে আসামী করা হয়েছিল শফিউল ইসলাম (২২) ও জাহিদুল হক তানিমসহ (২৪) অজ্ঞাত আরো কয়েকজনকে। মামলর তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক শামীমের আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার তদন্ত সম্পন্ন করে মোট ২৪ জনকে আসামী করা হলেও এদের মধ্যে বিভিন্ন জায়গায় আইন শৃংখলা বাহিনীর অভিযানকালে নব্য জেএমবির তাত্ত্বিক গুরু ও অন্যতম কুশিলব তামিম চৌধুরী এবং মারজানসহ ১৯ জন মারা যান। ফলে চার্জশীটভুক্ত আসামী করা হয় কিশোরগঞ্জ শহরের জাহিদুল হক তানিম (২৬), গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাঘবপুরের জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী (৩৩), কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সাদীপুর (কাবলিপাড়া) গ্রামের সোহেল মাহফুজ (৩৪), চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারদীঘা গ্রামের বড় মিজান (৬১) এবং শোলাকিয়া হামলার আগে শফিউলের আশ্রয়দাতা গাইবান্ধা এলাকার আনোয়ার হোসেনকে (৪৭)। এদের মধ্যে তানিম ও আনোয়ার হোসেন বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে বন্দি আছেন বলে জেল সুপার বজলুর রশিদ জানিয়েছেন। বাকি তিনজন অন্যত্র বন্দি আছেন।
তবে এ মামলার অভিযোগ গঠন করা হয় ২০১৮ সালের ২৮ নভেম্বর। জীবিত পাঁচ আসামী বড় মিজান, রাজিব গান্ধী, সোহেল মাহফুজ, আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিমের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন স্পেশাল ট্রাইবুনালের তৎকালীন সিনিয়র জেলা জজ বর্তমানে হাইকোর্টের বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম। বর্তমানে মামলাটি কিশোরগঞ্জের ১ নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানিয়েছেন, আসামীরা হলি আর্টিজানের ঘটনাসহ বিভিন্ন স্পর্শকাতর ঘটনায় অভিযুক্ত হওয়ায় ওইসব মামলায় তাদেরকে বিভিন্ন জেলার আদালতে হাজির করতে হয়েছে। ফলে একসঙ্গে তাদেরকে নির্ধারিত তারিখে কিশোরগঞ্জে আনা সম্ভব হয়ে ওঠেনি, সাক্ষ্য গ্রহণ শুরু করাও সম্ভব হয়নি। তবে করোনা পরিস্থিতির উত্তরণ হলে সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে এবং যা তথ্যপ্রমাণ রয়েছে, তাতে জঙ্গিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, সেদিনের জঙ্গি হামলা জীবনের ঝুঁকি নিয়ে মোকাবেলা করার স্বীকৃতিস্বরূপ তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন হোসেনকে পিপিএম, আর পরিদশক মুর্শেদ জামান ও কনস্টেবল নিকো চাকমাকে বিপিএম পদকে ভূষিত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *