করোনার বিস্তার রোধকল্পে চলমান লকডাউন বাস্তবায়নে আজ ৬ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জ শহরে আইন শৃংখলা বাহিনী কঠোর ভূমিকা নিয়েছেন। গত দু’তিন দিন রাস্তায় যানবাহনের সংখ্যা এবং জরুরী কাজ ব্যতিরেকে মানুষের চলাফেরা বেড়ে গিয়েছিল। অথচ কিশোরগঞ্জে এখন বলতে গেলে প্রতিদিনই নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে শতকের কোটায়। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। যে কারণে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা জরুরী কাজের প্রমাণ দিতে না পরলে বিভিন্ন হালকা যানবাহন থেকে যাত্রী নামিয়ে দিচ্ছেন। যাত্রী নামিয়ে দিয়ে যানবাহনগুলিকেও ফেরত পাঠিয়ে দিচ্ছেন। জরুরী কাজ ছাড়া পথচারীদেরও রাস্তায় চলতে দিচ্ছেন না। কোন কোন এলাকায় যানবাহন, যাত্রী ও পথচারীদের জরিমানাও করা হচ্ছে।