কিশোরগঞ্জে করোনার বিস্তার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় জেলা সদর ও সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এর অংশ হিসেবে আজ ৫ জুলাই সোমবার বাণিজ্যিক এলাকাসহ জেলা শহরের বিভিন্ন এলাকা এবং শহরতলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় লকডাউনের নীতিমালা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৫টি মামলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন ও পথচারীদের কাছ থেকে ২০ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা এবং বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে মেজর সায়মনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যগণ সহায়তা করেন। এছাড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হকের নেতৃত্বেও শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।