কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের চিকিৎসক ও জেলা বিএমএ সম্পাদক ডা. এম.এ ওয়াহাব বাদল জানিয়েছে, গতকাল রোববার রাত থেকে আজ ৫ জুলাই সোমবার বিকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, এক সময় এক সপ্তাহেও একজনের মৃত্যুর খবর পাওয়া যেত না। কিন্তু এখন রোগির সংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে মৃত্যুর হার কিছুটা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়। করোনা ডেডিকেটেড সৈয়দ নজরুল হাসপাতালে ১০টি আইসিইউ বেড এবং সাধারণ করোনা বেড ১২০টি রাখা হয়েছিল। এখন রোগির চাপ ক্রমাগত বাড়ছে। ফলে বেডের সংখ্যা বাড়ানো হবে বলেও সিভিল সার্জন জানিয়েছেন। তবে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের কোন সমস্যা নেই বলে সিভিল সার্জন জানিয়েছেন। সেখানে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট এবং প্রয়োজনীয় হাইফ্লোনেজাল ক্যানুলা রয়েছে। শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপতাল এবং ভৈরবের ট্রমা সেন্টারেও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট রয়েছে। উল্লেখ্য, নতুন তিনজনসহ এ পর্যন্ত জেলায় ৯৪ জনের করোনায় মৃত্যু হলো।