কিশোরগঞ্জের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের তিন অতি পরিচিত মুখ করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের প্রবীণ শিক্ষক নারায়ণ চন্দ্র দেব গতকাল রোববার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনের আরেক পরিচতি মুখ বিশিষ্ট নাট্য শিল্পী আতাউর রহমান খান মিলনও করোনায় আক্রান্ত হয়ে গতকাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস এনায়েত করিম অমি তার বৃদ্ধা মাসহ পরিবারের ৭ জন গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদের অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও আতাউর রহমান খান মিলনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ জেলায় কিছুদিন ধরে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। গতকাল রোববার রাত পর্যন্ত জেলায় নতুন ১০৭ জনের করোনা ধরা পড়েছে। বর্তমানে জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৪ জন। এর মধ্যে সদরেই ৭১২ জন।