মানুষের জীবন বাঁচাতে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। ৪ জুলাই চতুর্থ দিনে রোববারও ভৈরব উপজেলা প্রশাসনের ছিল কঠোর তদারকিতে। পাশাপাশি হার্ডলাইনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ভৈরবে করোনা আক্রমণে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দিন রাত মাঠে কাজ করছেন প্রশাসনের লোকবল। বারবার প্রশাসনের পক্ষ থেকে একটাই দাবী ঘরে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কারণ ছাড়া ঘর থেকে বের হবেন না। কিন্তু প্রশাসনের কথা তোয়াক্কা না করে রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে মানুষজন। কারণ জিজ্ঞাসা করলে নেই কোন সঠিক উত্তর। নেই মুখে মাস্ক। এরজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা দিনব্যাপি অভিযান পরিচালনা করে ২৫ পথচারিকে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন। সেই সাথে একাধিক পথচারিকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে ও লোক সমাগম কমিয়ে চলাফেরা করতে ও নিয়মিত মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেন এবং করোনা মোকাবেলায় তা মেনে চলতে অনুরোধ জানান।
এ বিষয় কথা হয় ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এর সাথে তিনি বলেন দেশজুড়ে এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর থেকে তা কার্যকর করতে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ পর্যায়ে ভৈরব আটটি পুলিশি টিমকে প্রয়োজনীয় পদক্ষেপের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। সেই মতে কাজও করছে তারা। তবে বিনা কারণে যেন কাউকে হয়রানি করা না হয়, সেদিকেও বাড়তি নজর রাখা হচ্ছে। ভৈরবকে করোনার কালো থাবা থেকে মুক্ত রাখতে পুলিশ প্রশাসন সোচ্ছার রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারাদেশে করোনায় শনাক্ত এবং মৃত্যুর হার পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ভৈরবের পরিস্থিতিও আশংকাজনক। তাই কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ২৩টি মামলায় ২ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন ভৈরব থানা। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।