• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ধান বীজ কেলেঙ্কারি গোপনে পাচারের সময় ১২ টন বীজ আটক

বীজসহ আটক করা দু’টি ট্রাক্টর। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ধান বীজ কেলেঙ্কারি
গোপনে পাচারের সময়
১২ টন বীজ আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আমন ধান বীজ কেলেঙ্কারি ধরা পড়েছে। অন্য ডিলারদের বঞ্চিত করে গোপনে একজন ডিলারের কাছে ১২ টন ‘বিআর-২২’ জাতের বীজ পাচারের সময় বঞ্চিতরা দুই ট্রাক্টর ভর্তি বীজ আটক করেছেন। অগত্যা বীজ গুদামের উপ-পরিচালক তার বরাদ্দের বীজ ভুলে অন্য জায়গায় চলে যাচ্ছিল, এমন গোজামিলের ব্যাখ্যা দিয়ে বীজগুলো গুদামে ফিরিয়ে নিয়েছেন।
আজ ২৮ জুন সোমবার দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হেকিমসহ কয়েকজন বিএডিসির বীজ ডিলার এ প্রতিনিধিকে মোবাইল ফোনে জানান, শহরতলির যশোদল এলাকার বিএডিসি’র বীজ গুদাম থেকে দু’টি ট্রাক্টরে বোঝাই দিয়ে ১২ টন (১০ কেজির ১২শ’ বস্তা) বীজ পাকুন্দিয়ার ডিলার এরফান মাস্টারের কাছে পাচার করা হচ্ছে। তারা ট্রাক্টর দু’টি পাকুন্দিয়া যাবার পথে শহরের সিদ্ধেশ্বরী এলাকায় আটক করেছেন। সেখানে গিয়ে জানা যায়, এগুলি মূলত শহরের একরামপুর এলাকার বিএডিসি’র বীজ গুদামের বরাদ্দের বীজ, ছিল যশোদল গুদামে। অন্য ডিলারদের বঞ্চিত করে বীজগুলো এরফান মাস্টারকে বরাদ্দ দেয়া হয়েছে। বীজ বোঝাই একটি ট্রাক্টরের চালক চরপাকুন্দিয়া এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে এ প্রতিনিধি কথা বললে জানান, তিনি নিজেই ট্রাক্টরের মালিক। অপর ট্রাক্টর ড্রাইভার হোসেনপুরের জামাইল এলাকার বোরহানও ওই ট্রাক্টরের মালিক। আনোয়ার হোসেনই বোরহানকে ভাড়া করেছেন। আর বীজগুলো তারা পাকুন্দিয়ার ডিলার এরফান মাস্টারের গুদামে নিয়ে যাচ্ছিলেন বলে চালক আনোয়ার হোসেন এ প্রতিনিধির কাছে স্বীকার করেছেন।
এক পর্যায়ে একরামপুর এলাকার বীজ গুদামের উপ-পরিচালক হুমায়ুন কবীর ট্রাক্টর দু’টি তার গুদামে ফিরিয়ে নেন। এসময় তার কাছে এসব বীজের বিষয়ে এ প্রতিনিধি প্রশ্ন করলে বলেন, এগুলি তার গুদামের জন্য যশোদল গুদাম থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এগুলি কি করে পাকুন্দিয়ার ডিলারের কাছে যাচ্ছিল, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয় বলে মন্তব্য করেন। এসময় তিনি বীজের বরাদ্দ সংক্রান্ত একটি চালান প্রদর্শন করেন। তবে চালানে উল্লেখ আছে, ১২ টন বীজ যশোদল গুদাম থেকে ২৪ জুন ‘গাজীপুর-উ-১১-০০০৭’ নম্বর ট্রাকে একরামপুর গুদামে পাঠানো হয়েছে। দুই গুদামের দূরত্ব আধা কিলোমিটারের কিছু বেশি হবে। উপ-পরিচালক হুমায়ুন কবীরকে প্রশ্ন করা হয়, চালানে দেখা যাচ্ছে বীজগুলো ২৪ জুন একরামপুর গুদামে পাঠানো হয়েছে গাজীপুরের নম্বরের একটি ট্রাকে করে। অথচ চারদিন পর আজ ২৮ জুন বীজগুলো গুদামে না পৌঁছে কি করে দু’টি ট্রাক্টরে করে পাকুন্দিায়ায় যাচ্ছিল। এ প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। শুধু বলেছেন, ‘বিষয়টি আমিও ভেবে পাচ্ছি না’।চার দিন আগে বীজ প্রেরণের চালান। -পূর্বকণ্ঠ
এ ব্যাপারে যশোদল গুদামের উপ-পরিচালক ফিরোজ উদ্দিন আহাম্মদকে প্রশ্ন করলে বলেন, চালানে চারদিন আগের তারিখ এবং তার গুদামের ট্রাকের নম্বর উল্লেখ থাকলেও ট্রাকটি অন্য কাজে ব্যস্ত থাকায় বীজগুলো আজ ট্রাক্টরে করে একরামপুর গুদামে পাঠিয়েছেন। বীজগুলো তাহলে একরামপুর গুদামের রাস্তায় না গিয়ে কেন পাকুন্দিয়ার রাস্তায় যাচ্ছিল, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে একরামপুর গুদামের উপ-পরিচালক হুমায়ুন কবীর বলতে পারবেন।
পাকুন্দিয়ার দু’জন বীজ ডিলার সাইফুল ইসলাম ও মাসুদ মিয়া জনান, তারা ১০ কেজি ওজনের ৫০ বস্তা বীজের চাহিদা দিলেও দেয়া হয়েছে মাত্র ৪ বস্তা করে। কটিয়াদীর ডিলার সুরুজ মিয়াসহ আরও কয়েকজন ডিলার একই অভিযোগ করেছেন। তারা জানান, এই বীজটি কৃষকের কাছে ১০ কেজির প্যাকেট বিক্রি করা কথা ৩৬০ টাকায়। কিন্তু হাতে গোনা কয়েকজন ডিলারের কাছে অধিকাংশ বীজ তুলে দেয়ার কারণে কৃত্রিম সঙ্কট তৈরি করে বিক্রি করছেন ৬শ’ টাকায়। কিশোরেগঞ্জের জন্য এবার ১৫ জাতের আমন বীজের বরাদ্দ হয়েছে এক হাজার ২৫৪ টন ৩৬৭ কেজি। এর মধ্যে ‘ব্রিধান-৪৯’ জাতের বীজের চাহিদা সবচেয়ে বেশি। এটি ১০ কেজির প্যাকেট ৪৪০ টাকায় কৃষক পর্যায়ে বিক্রির কথা থাকলেও কেউ কেউ বিক্রি করছেন ৫৫০ টাকায়। এসব কারণেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে চোরাই কায়দায় কয়েকজন ডিলারের কাছে বীজ তুলে দেয়া হচ্ছে বলে ডিলাররা অভিযোগ করেছেন। ডিলাররা জানিয়েছেন, এমনও জানা গেছে, কটিয়াদীর একজন ডিলারকে বিপুল পরিমাণ বীজ বরাদ্দ দেয়ার ফলে এসব বীজ রাজশাহীতে পর্যন্ত পাচার হয়েছে। অথচ জেলার অধিকাংশ ডিলার চাহিদার ১০ ভাগের একভাগ বীজও পান না। ডিলারগণ এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বীজ পাচারের ঘটনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানার পর বিষয়টি দেখার জন্য কমিটির সদস্যসচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলমকে দায়িত্ব দেন। সাইফুল আলম ঢাকায় একটি প্রশিক্ষণে থাকায় অতিরিক্ত উপ-পরিচালক মতিউর রহমানকে একরামপুর বীজ গুদামে পাঠান। তিনিও সেখানে গিয়ে যশোদল গুদাম আর একরামপুর গুদামের মধ্যে বীজের আদান প্রদান সংক্রান্ত অসঙ্গতির বিষয়টি অবগত হন। তিনিও বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে এ প্রতিনিধির কাছে মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *