• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে গ্রীষ্মকালীন বারি জাতের টমেটোর আবাদ

কৃষক তার বারি হাইব্রিড-৮ জাতের টমেটো ক্ষেতে আগাছা পরিস্কার করছেন। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে গ্রীষ্মকালীন বারি
জাতের টমেটোর আবাদ

# মোস্তফা কামাল :-

কৃষি বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানে ‘ফটো পিরিয়ড’ বলে একটি কথা আছে। অর্থাৎ দৈনিক সূর্যালোকের স্থায়িত্ব। একেক মৌসুমে সূর্যালোকের স্থায়িত্ব একেক মাত্রায় হয়ে থাকে। আর এই ফটো পিরিয়ডের ওপর ভিত্তি করেই একেক মৌসুমে একেক জাতের ফসলের আবাদ হয়ে থাকে। সেটা ফুল হোক, ফল হোক, শাকসবজি হোক, অর্থকরি ফসল হোক, আর দানাদার খাদ্যশস্যই হোক। অর্থাৎ, গ্রীষ্মকালে যেই ফসল হবে, সেটা শীতকালে বা শরতে হবে না। আবার শীতকালে যেই ফসল হবে, সেটা গ্রীষ্মকালে বা শরতে হবে না। এতকাল এটাই মানব জাতি দেখে এসেছে। কিন্তু কৃষি বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে শঙ্করায়ন, টিস্যু কালচার বা জেনেটিক পরিবর্তনসহ নানা পদ্ধতি ও প্রযুক্তি প্রয়োগ করে এখন শীতকালের ফসলও গ্রীষ্মকালে ফলাচ্ছেন, আবার গ্রীষ্মকালের ফসলও শীতকালে ফলাচ্ছেন। যে কারণে এক সময় গ্রীষ্মকালে শাকসবজির প্রচণ্ড আকাল থাকলেও এখন সারা বছরই নানা জাতের শাকসবজি বাজারে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলে এবার কৃষকের মাঠে এসেছে গ্রীষ্মকালীন বারি-৮ জাতের টমেটো। টমেটো ছিল একটি শীতকালীন ফসল। গ্রীষ্মকালে এর চাষের কল্পনাও করা যেত না। যে কারণে মানুষ শীতকাল আসলেই টমেটোর জন্য অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন তো গ্রীষ্মকালেও বাজারে টমেটো পাওয়া যাচ্ছে। অতি সম্প্রতি উন্নত মানের গ্রীষ্মকালীন হাইব্রিড বারি-৮ জাতের টমেটোর আবাদ শুরু হয়েছে। কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে গতবছর পরীক্ষামূলকভাবে মাত্র ৫ শতাংশ জমিতে এই জাতের টমেটোর আবাদ করে অভাবনীয় ফলন পাওয়া গেছে। আর সেই সাফল্য দেখে এবার কয়েকজন কৃষক এই টমেটোর আবাদ করেছেন।
ড. মহিউদ্দিন জানিয়েছেন, গতবছরের ভাল ফলন দেখে এবার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের চার কৃষক রমজান আলী, লুৎফর রহমান, হেলাল মিয়া ও শহীদ মিয়া ৪০ শতাংশ জমিতে বারি হাইব্রিড-৮ জাতের টমেটোর আবাদ করেছেন। এখন বৃষ্টির মৌসুম। ফলে বৃষ্টির পানি থেকে টমেটো চারাগুলোকে রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ৬ ফুট উচ্চতায় পলিথিনের ছাউনি দিতে হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে কেবল বীজ ও পলিথিন সরবরাহ করা হয়েছে। বাঁশসহ অন্যান্য উপকরণ কৃষকরাই জোগার করেছেন। জমির মাঝখানে বৃষ্টি পানি নির্গমনের জন্য ৫০ সে.মি প্রশস্ত একটি নালা তৈরি করা হয়েছে। জমির চারাগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। গাছে ফুলও ধরেছে। কৃষকরা সবসময় জমির যত্ন নিচ্ছেন। ড. মহিউদ্দিনও নিয়মিত জমি পরিদর্শনে যান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
বীজতলায় এপ্রিল-জুন মাসে বীজগুলো বুনে সেখান থেকে ৮-১০ দিনের চারা তুলে দ্বিতীয় বীজতলায় হালকা করে রোপন করতে হয়। সেখান থেকে ২৫-৩০ দিনের চারা তুলে দোআঁশ মাটির জমিতে ৬০ সে.মি. দূরত্বের সারিতে চারাগুলো একটি থেকে অন্যটি ৪০ সে.মি. দূরত্বে রোপন করা হয়। আর জমিতে প্রতি শতাংশে ২০ কেজি গোবর, ৭৩০ গ্রাম টিএসপি, ৩৭০ গ্রাম এমওপি, ৩৮০ গ্রাম জিপসাম, ৫০ গ্রাম জিঙ্ক সালফেট ও ৩০ গ্রাম বোরিক এসিড প্রয়োগ করতে হয়। আর তিন কিস্তিতে ২৭০ গ্রাম করে টিএসপি প্রয়োগ করতে হবে। বীজ বোনা থেকে টমেটো আহরণ পর্যন্ত সময় লাগে ১০০ দিন থেকে ১২০ দিন। প্রতিটি গাছে ৪০ থেকে ৪৫টি মাংশল টমেটো ধরে। প্রতিটির ওজন হয় ৬০ থেকে ৬৫ গ্রাম। প্রতি হেক্টরে ফলন হয় ৩৫ থেকে ৪০ মেট্রিকটন। এই টমেটোগুলো চ্যাপ্টা গোলাকার এবং আবরণ ও শাঁস লাল বর্ণের হয়ে থাকে। খেতেও বেশ সুস্বাদু। গ্রীষ্মকালীন এই টমেটো আবাদ করার ফলে একদিকে ভিটামিন-সি যুক্ত একটি সবজি যেমন পাওয়া যাবে, আবার কৃষকরাও অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *