• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

উপজেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষায় প্রথম ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ, জেলা পর্যায়ে দ্বিতীয়

# সোহেল সাশ্রু :-
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় এবারও ভৈরব উপজেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে সেরা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পর্যায়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই কলেজটি। ১৬ অক্টোবর বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ভৈরব উপজেলার কলেজগুলির মধ্য থেকে ৩৬টি জিপিএ ৫ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ। এই কলেজ থেকে এবার ৬৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫২৮ জন। যার পাশের হার ৮০.৬১%। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।
সদ্য এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের মধ্যে ভৈরব উপজেলায় সবচেয়ে ভালো করেছে রফিকুল ইসলাম মহিলা কলেজ। ফলাফলের দিকে পিছিয়ে পড়েছে শহীদুল্লাহ্ কায়সার কলেজ।
রফিকুল ইসলাম মহিলা কলেজের এ পাশের খবরে উল্লাসে মেতে উঠেছে ভৈরবের সুধী সমাজের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
ভৈরবে এবার ৮টি কলেজে পৌর শহরের ৪টি ও উপজেলার ৪টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবার পরীক্ষায় ২ হাজার ৫৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১ হাজার ৪১৩ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৪ জন।
পৌর শহরের ভৈরব সরকারি মহিলা কলেজে ৮০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৪০৭ জন পাশ করেছে। পাশের হার ৫০.৬%, জিপিএ ৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ১ জন, মানবিক বিভাগে ৫ জন শিক্ষার্থী।
সরকারি হাজী আসমত কলেজে ৮৩৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৬৫ জন পাশ করেছে।
পাশের হার ৪৩.৮২%, জিপিএ ৫ পেয়েছে ৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন শিক্ষার্থী।
ভৈরব আইডিয়াল কলেজে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন পাশ করেছে। পাশের হার ৩৩.৩৩%। কোন জিপিএ ৫ নেই।
ভৈরব উপজেলার শিমুলকান্দি কলেজে ৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন পাশ করেছে। পাশের হার ৬৫.৫৭%, জিপিএ ৫ পেয়েছে ২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ১ জন, মানবিক বিভাগে ১ জন শিক্ষার্থী।
জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন পাশ করেছে। পাশের হার ৬৫.৫২%। এ কলেজে কোন শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি।
জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজে ৯১ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ জন পাশ করেছে। পাশের হার ৩৫.১৬%, জিপিএ ৫ পেয়েছে ৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ২ জন, মানবিক বিভাগে ১ জন শিক্ষার্থী।
শহীদুল্লাহ্ কায়সার কলেজে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন পাশ করেছে। পাশের হার ১১.১১%। এ কলেজ থেকে এবার কোন শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি।
এ বিষয়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ আবেগে আপ্লুত হয়ে বলেন, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের সবার সম্মিলিত চেষ্টায় আমাদের এই আজকের ফলাফল। বিগত দিনের তুলনায় এবারের ফলাফল খুব একটা ভালো হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে তারপরও আমরা মনে করছি ফলাফল ভালো হয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারবো সে জন্য আশাবাদী। ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবে নারী শিক্ষায় একটি অগ্রণী ভূমিকা পালন করে। ভৈরবের মধ্যে আমাদের এই কলেজটির সুনাম রয়েছে উপজেলা, জেলা, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে জাতীয় পর্যায়েও। শুধু ফলাফলেই নয় জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের কলেজের মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপক সুনাম রয়েছে। আমাদের এ কলেজের ফলাফল শুধু কলেজের জন্যই নয় ভৈরববাসীর জন্য গর্ব। আমাদের কলেজের শিক্ষার্থীরা খুবই শৃঙ্খলের মধ্যে থেকে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়। শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের সচেতনতায় আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এ কলেজের ছাত্রীরা আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করছি। সেই সাথে ভৈরববাসী তথা ভৈরবের সুধী সমাজকেও ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানাই কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সদস্যদের। ধন্যবাদ জানাই কলেজের সকল শিক্ষার্থী ও অভিভাবকদেরকে। পরিশেষে বলতে চাই আমাদের শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও সন্তানের মতো মমতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের এ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। তার জন্য মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি।
এবিষয়ে কলেজ গভর্ণিং বডির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ভৈরব উপজেলার কলেজগুলো এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সার্বিকভাবে বলা যায় সন্তোষজনক হয়েছে। সবগুলো কলেজের মধ্যে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা নিঃসন্দেহে ভালো ফলাফল করেছে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ হলে হবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় এগিয়ে থাকবে তিনি প্রত্যাশা করেন। অন্যদিকে একটি কলেজের ফলাফল খুবই হতাশাজনক। তিনি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি আহবান জানান আগামীতে শিক্ষামান ভালো করতে শ্রেণিকক্ষে পাঠদানসহ অন্যান্য বিষয়ে নজর দেয়া হয়।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার সরকারি কলেজগুলির এইচএসসি পরীক্ষার ফলাফল এবার বড় বিপর্যয়। এর মধ্যে বাজিমাত করেছে সরকারি গুরুদয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা। এ কলেজ থেকে ৩৪৯ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে জেলার শীর্ষস্থান দখল করেছে। এবার এ কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ হাজার ৬৮৫ জন ছাত্র-ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৩৭ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৮৫.৮৯%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *