# মিলাদ হোসেন অপু :-
বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন চলছে। অপরদিকে শুরু হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করলেও ভৈরবের ৫টি বিদ্যালয়ে পরীক্ষা নেননি শিক্ষকরা। বিদ্যালয়গুলো হলো আগানগর ইউনিয়নের হাজী আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর আব্দুল মালেক প্রাথমিক বিদ্যালয়, সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে মোজাফফর বেপারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেনি।
সরজমিনে সকালে বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষকদের অংশ গ্রহণ ছাড়া পরীক্ষা দিবে না বলে স্লোগান দিচ্ছেন। অপরদিকে অভিভাবকদের দাবি এখন বার্ষিক পরীক্ষা চলছে। ছেলে-মেয়েদের পরীক্ষা শেষ করে শিক্ষকরা আন্দোলনে ফিরুক। ভর্তি কার্যক্রমের সময় আন্দোলন আরো বৃদ্ধি পেলে পরীক্ষার্থীদের সমস্যা হবে না। শিক্ষকদের বার্ষিক পরীক্ষার সময় এমন আন্দোলন করা ঠিক হয়নি। শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে।
এসময় অভিভাবকরা বলেন, দীর্ঘদিনের শিক্ষকদের দাবি সরকার মেনে নিলেই ভাল হবে। সমাজ গড়ার কারিগর শিক্ষকরা তারা যদি আন্দোলন করে অধিকার আদায় করতে হয় তাহলে সমাজের মানুষ বিভিন্ন বিভিন্ন যৌক্তিক ও অযৌক্তিক আন্দোলন নিয়ে দুইদিন পরপর মাঠে নামবে।
এদিকে মোজাফফর বেপারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করছেন না বলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার কে এ মামুনুর রশীদ। তিনি অভিভাবকদের সাথে কথা বলেন এবং বিকালে পরীক্ষায় অংশগ্রহণ করা সুযোগ করে দেন।
মোজাফর বেপারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম রত্না বলেন, সরকারি নির্দেশনায় সকালে ১ম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। শ্রেণি কক্ষে শিক্ষক নেই বলে ক্ষুদে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেনি। ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিকালে ১ম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
ভবানীপুর আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, আমি সকাল থেকে বিদ্যালয়ে ছিলাম। ভেবেছিলাম উপজেলা শিক্ষা অফিস থেকে কর্মকর্তারা আসবেন। বিভিন্ন বিদ্যালয়ে কর্মকর্তারা পরীক্ষা নিচ্ছেন। বিশেষ করে শিক্ষকদের আন্দোলনের জন্য বিদ্যালয় তালাবদ্ধ ছিল। এজন্য অনেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেনি। আমরা কেন্দ্রীয়ভাবে সহকারী শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
শ্রীনগর ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা রানী তালুকদার বলেন, সকালে প্রথম শিফটের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষার সময় সহকারী শিক্ষকরা পরীক্ষা নিতে বাধা দেয়। এসময় কিছু শিক্ষক উচ্ছৃঙ্খলতা করলে ইউএনও’র অফিসের একজন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সহকারী শিক্ষকরা পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিচ্ছেন না।
উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান জানান, ভৈরবে ৯১টি বিদ্যালয়ের মধ্যে ৮৬টি বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। ৫টি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষকরা তাদের আন্দোলনের অংশগ্রহণ করেছে বলে পরীক্ষা নেননি। যে সব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, মোজাফফর বেপারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিকাল ৩টায় পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।