# মোস্তফা কামাল :-
১৫ অক্টোবর বুধবার বিশ্ব ছাত্র দিবস। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জের জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী দুই ভারোত্তোলক ছাত্র-ছাত্রীকে এনআরবিসি ব্যাংক সংবর্ধনা দিয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের ঈশাখাঁ সড়কের ব্যাংকের কার্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘আলোর নাচন পাতায় পাতায়’ শিরোনামে দিবসটি উদযাপন করা হয়েছে।
এসময় ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান সবুজ ও অন্য কর্মকর্তারা ভারোত্তোলক দুই শিক্ষার্থীকে ফুল, মিষ্টি ও চকলেট দিয়ে সম্মাননা জানান। এরপর দু’জনকে ১০০ টাকা করে ব্যাংক হিসাব খুলে দেন। এরা বিনামূল্যে চেকবই, এটিএম কার্ড পাবেন। ব্যাংকিং করতে কোন সার্ভিস চার্জও কাটা হবে না। সংবর্ধিতরা হলেন, শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের মৃত মো. ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার ও স্নাতক ভর্তিচ্ছু তালজাঙ্গা গ্রামের নূরে আলম সিদ্দিকী।
এরা সম্প্রতি অনুষ্ঠিত ৪১তম জাতীয় পুরুষ ও ১৮তম জাতীয় নারী সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২৫ এ অংশগ্রহণ করে প্রথম হয়েছেন। বৃষ্টি স্নাচ ক্যাটাগরিতে ৬১ পাউন্ড আর ক্লিন এন্ড জার্ক ক্যাটাগরিতে ৮০ পাউন্ড উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। অন্যদিকে নূরে আলম সিদ্দিকী ৯০ পাউন্ড স্নাচ ও ১১৭ পাউন্ড ক্লিন এন্ড জার্ক ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন। এরা দু’জন আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন তাঁদের প্রশিক্ষক আজহারুল ইসলাম খান।
পাশাপাশি সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশনের ‘শিশু নোবেল’ খ্যাত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ এর জন্য মনোনয়ন পাওয়া মাহবুব আল হাসানকেও (১৭) ব্যাংকটি সংবর্ধনা দিয়ে ১০০ টাকায় ব্যাংক হিসাব খুলে দিয়েছে। মাহবুব গত আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে আজ এনআরবিসি ব্যাংকের এই শাখায় বিভিন্ন স্কুল-কলেজের ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, কিভাবে ছোট সঞ্চয় থেকে বড় সম্ভাবনার জন্ম হয়। কিভাবে ডিজিটাল ব্যাংকিং নিরাপদে ব্যবহার করতে হয়। কেন প্রতিটা টাকা শুধু মুদ্রা নয়, এক একটি দায়িত্ব। শিক্ষার্থীরাও জীবনের প্রথম ব্যাংক হিসাব খুলতে পের উচ্ছ্বাস প্রকাশ করেছে।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান সবুজ তার স্বাগত বক্তব্যে বলেছেন, দিনটি কেবল উদযাপনের জন্য নয়, বরং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার দিন। বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যম ও স্বপ্ন পূরণের প্রতীক হিসেবে দিনটি উদযাপিত হয়ে থাকে। এ উপলক্ষে এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখা আয়োজন করেছে এক অনন্য অনুষ্ঠানের। যার নাম দেওয়া হয়েছে ‘আলোর নাচন পাতায় পাতায়’।

শিশু নোবেলের জন্য মনোনীত মাহবুব আল হাসান (বামে) ব্যাংক হিসাব খুলছে -পূর্বকণ্ঠ
প্রতিদিনের মত বুধবারও যথারীতি খুলেছে ব্যাংকের ফটক। কিন্তু এই দিনটি ছিল অন্যান্য দিনের থেকে ব্যতিক্রম। ব্যাংকের ফটক খোলার কিছুক্ষণের মধ্যেই একে একে আসতে থাকে আগামী দিনের দেশ গড়ার ভরসা, স্বপ্ন বোনার কারিগর শিক্ষার্থীরা। সাথে আসেন অভিভাবক, শিক্ষক ও অতিথিরা। এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা শিক্ষার্থীদের উদ্বেলিত করেছে। সকলের মুখেই ফুটে ওঠেছে হাসির রেখা। ব্যবস্থাপক বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু লেনদেনের খাতা সামলানো নয়। সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো, কীভাবে অর্থের সঠিক ব্যবহারে গড়ে ওঠে স্বনির্ভর সমাজ ও স্বনির্ভর পরিবার।
ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে আসা ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আগে ভাবতাম ব্যাংক শুধু বড়দের জন্য। আজ বুঝলাম, আমাদের ভবিষ্যতও ব্যাংকের সাথে জড়িত হতে পারে’। শিশু নোবেলের জন্য মনোনীত মাহবুব আল হাসান বলেন, ‘আমার স্বপ্ন শিক্ষা ও মানবতার মাধ্যমে শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া’।
বৃষ্টি আক্তার বলেন, ‘ব্যাংকিং সেক্টর থেকে শিক্ষার্থীদের এমন বিরল সম্মান পাওয়া সত্যিই আনন্দের। এটি আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’
এই শাখার গ্রাহক ও সমাজকর্মী মোহাইমিনুল হক লাক মিয়া বলেন, ‘ছাত্ররা আজ শিখলো, সঞ্চয় মানে শুধু টাকা নয়, এটি চিন্তা, শৃংখলা ও দূরদর্শিতার প্রতীক। বিশ্ব ছাত্র দিবসের এই উদ্যোগ যেন বাংলাদেশের প্রতিটি ব্যাংখ শাখার সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে, যেখানে প্রতিটি কাউন্টারের পাশে থাকবে একটি চিন্তার আলো। প্রতিটি লেনদেনের সাথে যুক্ত থাকবে ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা’।