# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ভৈরবে ছিনতাইয়ের ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। আগে সন্ধ্যার পর এমন অপরাধের ঘটনা ঘটলেও এখন দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় ছিনতাই হচ্ছে। এতে ব্যবসায়ী, পথচারী ও দূর-দূরান্ত থেকে আগত মানুষজন সবসময় আতঙ্কে থাকছেন। ছিনতাইয়ের কবল থেকে বাদ পড়ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। শহরজুড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সুশীল সমাজ, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন।
ছিনতাই প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে টহল জোড়দার করা হলেও সুযোগ বুঝে ছিনতাই করছে চক্রগুলো। ছিনতাইকারীকে ধরতে গিয়ে আহত হচ্ছে থানা পুলিশ। ২৪ ফেব্রুয়ারি সোমবার ভৈরব ছিনতাই স্পট শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে রাত দুইটাই ছিনতাইয়ের কবলে পড়ে শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার যুবক কাঞ্চন মিয়া। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি মোবাইলসহ টাকা পয়সা রেখে দেয়। অপরদিকে রাত তিনটার দিকে একই এলাকায় ডিউটি পালনের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয় ভৈরব থানার কনস্টেবল মো. মোস্তফা। তবে এ ঘটনায় ছিনতাইকারী রাব্বি মিয়া (১৯)কে আটক করা হয়েছে। রাব্বি পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। এ সময় লিটন মিয়া নামে আরেক ছিনতাইকারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব উপজেলা ও পৌর শহরের চিহ্নিত ৫০ থেকে ৬০টি পয়েন্টে চলছে নিয়মিত ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। পুলিশ বলছে টহল জোরদার করা হয়েছে। তবে শহর ফাঁড়িতে জনবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। চুরি ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। ছিনতাই হওয়া উল্লেখযোগ্য স্পটগুলোর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়, সিঙ্গার শো-রুমের সামনে, ভৈরব পৌর বাস টার্মিনাল সংলগ্ন, মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটালের মোড়, পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন, ভৈরবপুর গাছতলাঘাট, ভৈরবপুর মনমরা ব্রীজ, ভৈরবপুর দক্ষিণ পাড়া, নিউ টাউন রোড, লক্ষ্মীপুর জলপরি সংলগ্ন, লক্ষ্মীপুর মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে, জগন্নাথপুর রেলস্টেশন রোড, জগন্নাথপুর ময়না বাজার রোড, চণ্ডিবের চিরা মিলের সামনে, চণ্ডিবের কামাল সরকারের বাড়ির ব্রিজ সংলগ্ন ফার্মের সামনে, কালিপুর রামশংকরপুর ব্রিজে, আমলাপাড়া সিঁড়ির নিচে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া উল্লেখযোগ্য ছিনতাইয়ের স্পটগুলোর মধ্যে রয়েছে ভৈরবের প্রধান সড়ক বঙ্গবন্ধু সরণির এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ির সামনে, ভৈরব বাজার দ্বীন ইসলাম মিয়ার ট্রান্সপোর্টের সামনে ও আইস কোম্পানির মোড়।
এছাড়া ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব সরকারি হাজী আসমত কলেজের সামনে, শম্ভুপুর কবরস্থান, পানাউল্লারচর, মোল্লা ফিলিং স্টেশনের সামনে, গাজিরটেক ব্রিজে, কালিকাপ্রসাদ সজীব মিয়ার ইট ভাটার সামনে, উপজেলার জামালপুর ব্রিজ সংলগ্ন কবরস্থানের সামনে ছিনতাইয়ের খবর পাওয়া যায়। এদিকে ভৈরব পৌর শহরের রেলস্টেশন রোডের পলাশ সিনেমা হলের মোড়, পৌর কবরস্থানের সামনে, রেল স্টেশন সংলগ্ন ভুট্টু মিয়ার পুকুর পাড়, পৌর শহরের ভৈরব বাজার আশুগঞ্জ নৌকা ঘাট, ছবিঘর শপিং কমপ্লেক্স রোডে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।
অপরদিকে সন্ধ্যা হতেই ভৈরব সদরের সাথে গজারিয়া, মানিকদী ও জামালপুরগামী মানুষদের চলাচল বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন অনেক দিন ধরেই সন্ধ্যার পর বন্ধ রয়েছে। মাদক সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্যরা এসব ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
এ বিষয়ে আহত কনস্টেবল মোস্তফা মিয়া জানান, প্রতিদিনই বঙ্গবন্ধু সরণি এলাকার নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত তিনটায় এএসআই সাখাওয়াতের নেতৃত্বে ডিউটি পালন করছিলেন তারা। এসময় রিকশা যুগে বাজারের দিকে যাচ্ছিলেন ছিনতাইকারী রাব্বি ও লিটন। পুলিশ তাদের দেখে থামতে বললে তারা রিকশা ওয়ালাকে বাধা দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যেতে চাইলে পুলিশ ছিনতাইকারী রাব্বিকে ধরতে পারলেও লিটন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা কনস্টেবল মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনৈক ব্যক্তি বলেন, ৫ আগস্ট থানা পুড়িয়ে দেওয়ার পর ভৈরবে অপরাধ বেড়ে গেছে। এখন পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী ভয় পায়। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে এক ধরণের টেক্কা দিয়েই ভৈরবে ছিনতাই বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে ভৈরবে কয়েকটি সংস্থা এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, ভৈরব থানা, ভৈরব শহর ফাঁড়ি, ভৈরব হাইওয়ে ফাঁড়ি, ভৈরব রেলওয়ে থানা ও ভৈরব জলথানা। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধ জগতের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় ছিনতাইয়ের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। ছিনতাই আগেও ছিলো তবে এরকম না। আগে শোনা যেত অমুক স্পটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এখন প্রতিদিন অন্ততপক্ষে ১৮/২০টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে মানুষ ঘর থেকে বের হতেই শঙ্কা প্রকাশ করছে।
কনস্টেবল আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ভৈরব একটি জনবহুল ও বন্দর নগরী এলাকা। প্রতিদিনই ভৈরবের কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে বর্তমানে ছিনতাই কিছুটা কমেছে। কনস্টেবল মোস্তফাকে লিটন নামে ছিনতাইকারী আহত করেছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটক করা রাব্বিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।