# নিজস্ব প্রতিবেদক :-
পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে দুপুর বেলায় তুলে নিয়ে দুর্বৃত্তরা টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে। ইয়াবা ট্যাবলেট আছে বলে ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে সিএনজিতে তুলে নিয়ে টাকা ছিনতাই করেছে। আরও এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের শরবত ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানিয়েছেন, তিনি শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরে গিয়েছিলেন মালামাল কেনার জন্য। তাঁর কাছে দুই হাজার ৮৪০ টাকা ছিল। বেলা ১২টার দিকে তিনি ঈশাখাঁ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে ড্রেনে প্রস্রাব করছিলেন। এমন সময় তিন যুবক পুলিশ পরিচয় দিয়ে ইলিয়াসের কাছে ইয়াবা ট্যাবলেট আছে বলে ভয় দেখায়। এরপর তাঁকে থানায় নেওয়ার কথা বলে একটি সিএনজিতে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর ছোরা দেখিয়ে ইলিয়াসের কাছে থাকা টাকা থেকে ১০০ টাকা ফেরত দিয়ে বাকি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
অন্যদিকে তন্ময় মাহমুদ নামে এক ব্যক্তি জানিয়েছেন, শনিবার তাঁর কাছ থেকেও আখড়াবাজার পিটিআই গলির কবরস্থান এলাকায় কয়েক ছিনতাইকারী ৫ হাজার ৪৬০ টাকা নিয়ে গেছে। তিনি ফেসবুকেও সেটি দিয়েছেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা থানায় অভিযোগ দিলে এলাকার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।