# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকে করে গাঁজা পাচারকালে ২ মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ভাটিভরাটিয়া এলাকার নূর মোহাম্মদ এর ছেলে নূর মিয়া (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আকসিনা এলাকার মৃত মুন্সী মিয়ার ছেলে আবুল হোসেন (৪০)।
১৩ ডিসেম্বর রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় আড়াই বেপারীর বাড়ির পাশে মেসার্স মোল্লা পরিবহণ সংস্থা এর দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ট্রাকে অভিনব কায়দায় রাখা ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ জানান, আটককৃত মাদককারবারিরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাকারবারের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পর পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।