• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোলাকিয়ায় জঙ্গি হামলার ৮ বছর উপলক্ষে শ্রদ্ধার্ঘ

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

শোলাকিয়ায় জঙ্গি হামলার
৮ বছর উপলক্ষে শ্রদ্ধার্ঘ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলার ৮ম বর্ষ উপলক্ষে সেদিনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ রোববার সকালে জঙ্গি হামলার স্থান শোলাকিয়া ঈদগার অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের পাশে শহীদদের স্মৃতি ফলকে পুষ্পস্পবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ ও মহিলা পরিষদ নেতৃবৃন্দ।
এরপর তাঁরা সংক্ষিপ্ত বক্তৃতায় সেদিনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁরা সেদিন জীবন দিয়ে জঙ্গিদের রুখে না দাঁড়ালে ঈদগার লাখ লাখ মুসল্লির জীবন বিপন্ন হতে পারতো। মুক্তিযুদ্ধের সময় যেমন পুলিশ বাহিনী প্রথম রাজারবাগে জীবন দিয়ে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল, শোলাকিয়ার জঙ্গি হামলাও তাঁরা জীবন দিয়ে রুখে দিয়েছে। এর জন্য পুলিশ বিভাগ গর্বিত, সাধারণ মানুষও তাদের জন্য গর্বিত। এদেশ কখনই জঙ্গিবাদের উপযোগী ছিল না, আগামী দিনেও জঙ্গিবাদের প্রসার ঘটবে না বলে বক্তাগণ মন্তব্য করেন।
নিহত ঝর্ণা রাণী ভৌমিকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শুভদেব ভৌমিক পৃথক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর মা যে শহীদ হয়েছেন, এর জন্য আজ পর্যন্ত পরিবার কোন কাগজ বা সনদ পায়নি। তিনি মায়ের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের ১৫ মিনিট আগে সকাল পৌনে ৯টার দিকে জঙ্গিরা মুফতি মোহাম্মদ আলী মসজিদের সামনে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়েছিল। সেদিন দুই পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জাহিরুল হক জঙ্গিদের গ্রেনেড হামলা আর চাপাতির আঘাতে নিহত হয়েছিলেন। এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক পুলিশের সাথে জঙ্গিদের বন্দুক যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তাঁদের নামে এলাকার সড়কগুলোর নামকরণ করেছে পৌর কর্তৃপক্ষ।
এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ আসামির পাঁচজন গাইবান্ধার রাজিব গান্ধী, কুষ্টিয়ার সোহেল মাহফুজ, চাঁপাই নবাবগঞ্জের বড় মিজান, গাইবান্ধার আনোয়ার হোসেন ও কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম বর্তমানে কারাগারে আছেন। অন্য ১৯ আসামি বিভিন্ন সময় এনকাউন্টারে মারা গেছেন। মামলার ১০১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৬০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী এপিপি আবু সাঈদ ইমাম। আগামী ৩১ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *