# নিজস্ব প্রতিবেদক :-
বিভিন্ন পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির সময় কিশোরগঞ্জে চার চাঁদাবাজকে র্যাব আটক করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন রুটে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলো শহরের মনিপুরঘাট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. কাঞ্চন (৫৯), বয়লা এলাকার রাজকুমার দাসের ছেলে স্বপন দাস ওরফে মহির উদ্দিন (৪৮) ও দীপক সাহার ছেলে অনিক সাহা (১৯) এবং বত্রিশ আমলিতলা এলাকার ওমর ফারুকের ছেলে মিজান ভূঁইয়া (২৭)।
এদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮ হাজার ১০ টাকা, ২৪৪টি চাঁদার রশিদ ও চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি মোবাইল সেট জব্দ করা হয়। এরা সদর উপজেলার বিভিন্ন রুটে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি করছিল। পথে পথে এসব চাঁদাবাজির কারণে বাজারে এসে পণ্যের দাম বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন। চাঁদাবাজরা কোথাও বিভিন্ন ব্যক্তির নাম, কোথাও বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে বলেও র্যাব কর্মকর্তা জানিয়েছেন। চার চাঁদাবাজকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এরপর সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।