• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ‘ভয়কে জয়’ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তারা

ভৈরবে ‘ভয়কে জয়’ করে স্বাভাবিক
জীবনে ফিরলেন তারা

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে ‘ভয়কে জয়’ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তারা। অর্থাৎ করোনা আক্রান্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ৩ মে রোববার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সুস্থ হিসেবে ছাড়পত্র দেয় এবং তাদের ফুলেল শুভেচ্ছা শেষে হাসপাতাল থেকে বিদায় দেয়া হয়। এদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ জন ও ভৈরবের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ট্রমা সেন্টার থেকে ১০ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া নারী-পুরুষসহ পুলিশ ও চিকিৎসককে ফুলেল শুভেচ্ছা জানান, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এবং ভৈরব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন।
এসময় মহামারী করোনা থেকে সুস্থ হওয়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর জানান, রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়েই আমি আক্রান্ত হয়ে ছিলাম। করোনাকে ভয় না করে নিয়ম কানুন মেনে ঔষধ খেয়েছি। একই সাথে অন্যান্য নিয়ম পালন করে সুস্থ হয়েছি। মনে হচ্ছে যেন বিধাতা আমাকে নতুন জীবন দিলেন।
এছাড়াও সুস্থ হওয়া পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম বলেন, করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়ে আমি অনেক খুশি। তিনি এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমিনুল ইসলাম আরও বলেন, প্রায় ১৮ দিন ট্রমা সেন্টারে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হলাম। পরিবারের কাছে ফিরছি, তাই অনেক ভাল লাগছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, আজকে ১০ জন এবং আগে ৪ জনসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত রোগী ‘ভয়কে জয়’ করে সুস্থ হয়ে ওঠেছেন। নিয়ম মেনে চললে সবাই একদিন সুস্থ হয়ে বাড়ি কিংবা পরিবার-পরিজনের কাছে ফিরবেন। আর এটাই হবে আমাদের চিকিৎসক জীবনের সার্থকতা। সেই সাথে তিনি আরও জানান, করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার কোন বিকল্প নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনায় আক্রান্ত ১৪ জন রোগী সুস্থ হওয়ায় আমি অনেক বেশি আনন্দিত। সবার প্রচেষ্টায় ভৈরবের প্রতিটি করোনা রোগী এভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা করি।
জানাগেছে, ভৈরবে সর্বপ্রথম করোনা সংক্রামণ ধরা পড়ে গেল ১০ এপ্রিল। আক্রান্ত ব্যক্তি ছিলেন একজন থানা পুলিশের সদস্য। পরে আরও ৯ পুলিশ সদস্য এবং ৮ চিকিৎসক ও ২২ জন স্বাস্থ্যকর্মীসহ ভৈরবে এ পর্যন্ত ৪৫ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *