কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেশি দামে আদা বিক্রি করায় ৬ দোকান মালিককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২জনকে ৬ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ৪ জনকে ৬৭০টাকা জরিমানা করেন তিনি।
জানা যায়, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কাঁচা বাজার ব্যবসায়ীগণ অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে বিক্রয় করে আসছিল। সরেজমিনে বাজার পরিদর্শনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এর সত্যতা পেয়ে আদা বেশি দামে বিক্রি করার অপরাধে ৬ দোকান মালিককে ৮ হাজার টাক জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৬ দোকান মালিককে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২ জনকে ৬ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করার কারণে ৪ জনকে জনকে ৬৭০ টাকা জরিমানা করা হয়।