ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নাসিরনগরে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১০১ কেজি গাঁজাসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৪টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদের সামনে ছাতিয়ান-নাসিরনগর রোডের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে জহির মিয়া (২৬), মো. ফারুক মিয়া (২৫), মিলন মিয়া (২৩), মো. কুদ্দুছ খাঁন (৪০) কে ৩১ কেজি গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ১ হাজার টাকাসহ আটক করা হয়।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. আল মাসুদ (২৭), মো. রাজু মিয়া (২৯), ইউনুস রিয়াদ (২৩), মো. সেলিম (৩০), হাসিবুল ইসলাম (২৪), মো. সবুর ইসলাম শুভ (২৩) কে ৭০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।