ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালু ভর্তি ট্রাকের বডি ভিতরে করে অভিনব পদ্ধতিতে বিপুল পরিমান ভারতীয় চকলেট, কাপড় ও প্রসাধনী সামগ্রী পাচারকালে আব্দুর রহমান মান্না(২১) নামে এক চোরাচালানকারী কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টায় দিকে আশুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মালামালসহ তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহমান মান্না সিলেটের জৈয়ন্তিয়াপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সহকারি পরিচালক মো.আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বালু ভর্তি একটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের বডির ভিতর থেকে ভারতীয় ২ হাজার ৬২৪ পিস ইমামী সেভেন ওয়েল ইন ওয়ান, ২ হাজার ৬২৮ পিস বুরো প্লাস সোপ, ১ হাজার ২৯৬ পিস জনসন বেবী লোশন, ৪ হাজার ২১৮ পিস জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯ পিস কিটকেট চকলেট ও ২৩১ পিস লেহেঙ্গা পাওয়া যায় । এ সময় আব্দুর রহমান মান্না নামে এক যুবককে আটক করে র্যাব। এছাড়া মালামাল বহনকারি ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ১২ হাজার ৫৭০ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে বলে জানান র্যাব।