# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৬ মে দিবাগত রাত ১টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে সজিব মিয়া (২৫)।
স্বজনরা জানায়, প্রায় ২ বছর আগে ময়মনসিংহের ফাতেমা নগরের স্বর্ণা বেগমের সাথে প্রথমে প্রেমের সম্পর্ক পরে পারিবারিকভাবে বিয়ে করে সজিব। তাদের পরিবারে সাইফা নামের ৬ মাস বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকতো। ১৬ মে দিবাগত রাতে বাড়ি ফিরলে দেরিতে ফেরা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। এসময় অভিমান করে স্ত্রী ৬ মাসের বাচ্চা কোলে নিয়ে বাথরুমে গিয়ে দরজা আটকে দেয়। এদিকে সজিব স্ত্রীকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ করেনি। অপর দিকে সজিব নিজ ঘরে দরজা আটকে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে কিছু সময় যাওয়ার পর স্ত্রী স্বর্ণা বেগম বাথরুম থেকে বের হয়ে দেখে দরজা বন্ধ। পরে স্ত্রীর ডাক চিৎকারে স্বজনরা ছুটে এসে দরজা ভেঙে ফাঁসি থেকে সজিবকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সজিবের বন্ধুরা বলেন, সজিব ভৈরব উপজেলা ছাত্র দলের একজন অন্যতম নেতা ছিল। জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যুদ্ধা ছিলেন। একজন ভাল মানুষ ছিলেন সে। সজিবের এভাবে চলে যাওয়া বন্ধু মহলে মেনে নেয়া কষ্টকর।
এ বিষয়ের নিহতের ভাই বিজয় মিয়া জানান, পরিবারে চার ভাইয়ের মধ্যে সবার ছোট সজিব। সজিবের স্ত্রী স্বর্ণা বেগম তার সম্পর্কে বিয়াইন হয়। সেই সুবাদে প্রেম করে দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হতো। ১ সপ্তাহ আগে সজিবরে স্ত্রী স্বর্ণা বেগম অভিমান করে ময়মনসিংহে বাবার বাড়ি চলে যায়। দুইদিনপর সজিবকে পরিবারের পক্ষ থেকে বলা হলে সে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। ১৬ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিব বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে ঝগড়া করে। স্ত্রী ঘর থেকে বের হলে সজিব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, যুবকের ফাঁসিতে মৃত্যুর খবরটি জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়ার ব্যবস্থা করছি।