# নিজস্ব প্রতিবেদক :-
ইসলামী স্থাপত্য শৈলির আদলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের প্রবেশ তোরণ নির্মাণ করছে জেলা পরিষদ। মঙ্গলবার বিকালে এর ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে তোরণের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
এসময় ঈদগাহের পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ছবি দেখে দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি আসেন, পর্যটকরা আসেন। কিন্তু শোলাকিয়া ঈদগাহের চেহারা দেখে তাদের মনটা খারাপ হয়ে যায়। ফলে এই ঈদগাহের ব্যাপক নান্দনিক উন্নয়ন দরকার। আপাতত ১০ লক্ষ টাকা ব্যয়ে স্বল্প সময়ের মধ্যেই তোরণের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। তোরণ ছাড়াও সাত লক্ষ টাকা ব্যয়ে ঈদগাহ মসজিদের দোতলায় টাইলস বসানো হচ্ছে। মসজিদের ছাদের দুই পাশের শেড নির্মাণ করা হবে আট লক্ষ টাকা ব্যয়ে। অর্থাৎ, আপাতত ঈদগাহের উন্নয়নে ২৫ লক্ষ টাকার কাজ হচ্ছে। আগামীতে ঈদগাহের অধিকতর উন্নয়নে কিশোরগঞ্জের ছয়জন সংসদ সদস্যের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সহায়তায় আরও মেগা প্রকল্প হাতে নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী, শোলাকিয়া ইদগাহের ইমাম মুফতি একেএম ছাইফুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদুল হাসান, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মাহমুদুল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলমগীর হোসেন তালুকদার, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ। ভিত্তি ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি একেএম ছাইফুল্লাহ।