# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া দলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন। ১৩ অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবন থেকে তিনি একটি বিশাল মোটরশোভাযাত্রা নিয়ে যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি বাজিতপুর থানামোড় থেকে শুরু হয়ে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নিকলী উপজেলার সদর, দামপাড়া ও মজলিশপুরসহ বিভিন্ন ইউনিয়নের বাজার ও দোকানপাটে গিয়ে শেষ হয়।
এ সময় তিনি ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এসব দফা সম্পর্কে সবাইকে অবগত ও সচেতন হওয়ার আহ্বান জানান।
নিকলী নতুন বাজারে সংক্ষিপ্ত সমাবেশে এহসান কুফিয়া বলেন, তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকারে প্রমাণ করেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বিএনপির এই ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা জনগণ নিজেরাই বিচার করতে পারবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশ পুনর্গঠনে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটিই রাষ্ট্র মেরামতের কর্মসূচি। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করার আহ্বান জানাই।
আয়োজিত মোটরশোভাযাত্রায় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এতে অংশ নেন বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।