• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে কিশোর জোবায়ের নিহত, আসামি হলেন ভৈরবের ৩ সাংবাদিক ও প্রবাসীসহ ৯১ জন, পরিবার বলছে ভিন্ন কথা

# নিজস্ব প্রতিবেদক :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় তিন সাংবাদিক ও প্রবাসীসহ ৯১ জনের নামে মিথ্যা মামলা করেছে ভৈরবের এক যুবক। নিহতের পরিবার জানেই না মামলার বাদী কে। নিহতের ঘটনাটি ঘটে ৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। নিহত কিশোর জোবায়ের (১৬)। সে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর গ্রামের নাজির হোসেনের ছেলে।
মামলার এজাহারে নিহত জোবায়েরের কোন পরিচয় ঠিকানা লেখা না হলেও পুলিশ মামলাটি গ্রহণ করে এতে করে ধূম্রজাল সৃষ্টি করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ভৈরবের উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা অভিযোগকারী মনির হোসেন। তার সাথে নিহতের পরিবারের কোন সম্পৃক্ততা নেই। এদিকে নিহতের পরিবার জানেনা মামলার বাদী কে, তার পরিচয় কি ? গত ৪ আগস্ট ঘটনার সময় জোবায়ের চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিল বলে তার বাবা নাজির হোসেন এ প্রতিনিধিকে জানান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিশোর জোবায়ের ঢাকায় ফার্ণিচারের দোকানে কাজ করত। ঘটনার দিন সকালে সে তার শনির আখড়ার বাসা থেকে বের হয়ে দুপুরে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে মারা গেলে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মর্গ থেকে লাশ উদ্ধার করে পরদিন ভৈরবে নিজ গ্রামে এনে দাফন করে। ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর গ্রামে তাদের বাড়ি হলেও পরিবার নিয়ে নাজির হোসেন ঢাকায় বসবাস করেন। দরিদ্র পরিবারটি ঢাকার শনির আখড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।
এদিকে ঘটনার ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর ভৈরবের রসুলপুর গ্রামের যুবলীগের সাবেক নেতা মনির হোসেন ঢাকার যাত্রাবাড়ী থানায় ভৈরবের ৯১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় কয়েকজন প্রবাসী ও ভৈরবের তিন সাংবাদিককেও আসামি করায় বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হচ্ছে। মামলার বাদী মনির হোসেন নিহতের পরিবারের কোনো আত্মীয়-স্বজন বা জোবায়েরের কেউ নন বলে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয় আসামিরা ঘটনার দিন ৪ আগস্ট জোবায়েরকে ভৈরব বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে হত্যার পর যাত্রাবাড়ী এলাকার কাজলা নামক স্থানে লাশ ফেলে আসামিরা পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় জোবায়েরের বাবা-মায়ের নাম বা তার কোন ঠিকানা লেখা হয়নি। আসামিদের মধ্যে ৪ জন প্রবাসী ও তিনজন সাংবাদিকের নাম আছে। তারা ৪ জন বিদেশে থেকে কীভাবে অপহরণে জড়িত এবং ভৈরবের তিন সাংবাদিক কেন তাকে অপহরণ করবে এ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের মা-বাবার দাবি আমাদের ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, তাই আমরা মামলা করতে আগ্রহী নয়, তার ভাগ্যে ছিল এমন মৃত্যু। মামলার বাদী মনির হোসেনকে নিহতের পরিবারের কেউ চেনেন না বলেও তাদের দাবি। তাদের প্রশ্ন কেন মামলা করল মনির হোসেন। আসামি পক্ষের অভিযোগ রয়েছে ভৈরবের একটি কুচক্রী মহলের প্ররোচনায় আসামিদেরকে হত্যা মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আদায় করা বাদীর মূল পরিকল্পনা বা উদ্দেশ্য রয়েছে। ভুক্তভোগীদের দাবি এই মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার করে আসামিদেরকে অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।
এ বিষয়ে মামলার বাদী মনির হোসেন বলেন, নিহত জোবায়েরের পরিবার ও স্থানীয় বিএনপির নেতাদের সাথে কথা বলে মামলাটি দায়ের করেছিলাম। পরিবার হয়তো কারো চাপে এখন মিথ্যা বলছে। একাধিক আসামিকে আমি চিনিনা। বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়ে মামলাটি দায়ের করি। মামলায় ভৈরবের অনেক মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যারা নির্দোষ তারা আদালতের মাধ্যমে প্রমাণ করবে। আমিও তাদের সহযোগিতা করবো।
মামলায় আসামি করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জে বসবাসরত ইউসুফ বাবুকে। তিনি একজন কিডনি ডায়ালাইসিস এর রোগী। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তিনি ওৎপ্রোত রাজনীতির সাথে জড়িত নন। তবে আওয়ামী লীগ সমর্থিত ধর্ণাঢ্য ব্যক্তি। এক সময় তার দানে চলেছে ভৈরবের কয়েকশত মানুষ। অনেকে নিয়েছে দান অনুদান। আবার কেউ নিয়েছেন সংগঠনের অনুষ্ঠানের অনুদান। অথচ আজকে তার শারীরিক অবস্থা খারাপ থাকা স্বত্ত্বেও তার নামে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এ নিয়েও বিভিন্ন মহলের ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভৈরব চেম্বারের সাবেক সভাপতি হুমায়ূন কবির বলেন, আমি গত ১৯ জুলাই অস্ট্রেলিয়ায় এসেছি। শুনেছি আমাকে এই মামলায় আসামি করা হয়েছে।
আমেরিকান প্রবাসী ভৈরবের মিনা ইসলাম মোবাইলে জানান, আমি দীর্ঘদিন যাবত আমেরিকা প্রবাসী। আমাকে মামলায় কেন, কি কারণে আসামি করা হলো তা জানি না।
সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, কাজী আব্দুল্লাহ আল মাছুম ও মিলাদ হোসেন অপু বলেন, আমরা সাংবাদিকতা করি। নিহত জোবায়ের ও বাদী মনিরকে আমরা চিনি না। ৪ আগস্ট আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিউজ সংগ্রহে ব্যস্ত ছিলাম। জোবায়ের মৃত্যুর ঘটনার মামলায় আমাদের তিনজন সাংবাদিককে কেন আসামি করা হলো তা সুষ্ঠু তদন্ত করে বাদীর বিচার করতে হবে।
নিহত জোবায়েরের বাবা নাজির হোসেন বলেন, আমরা গরীব পরিবার। দীর্ঘদিন যাবত স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে ঢাকার শনির আখড়ায় বাসা ভাড়া নিয়ে থাকি। আমার ছেলে ঢাকাতে ফার্ণিচারের দোকানে কাজ করত। ঘটনার দিন জোবায়ের সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। দুপুরে ফেরার পথে এক চায়ের দোকানের নিকটে দাঁড়ালে পুলিশের গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলে সে মারা যায়, যা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ভৈরবে এনে তাকে দাফন করি। তিনি আরো বলেন, আমার ছেলেকে ভৈরবের কেউ অপহরণ করে হত্যা করেনি। আমরা ভৈরবের নিরপরাধ মানুষকে হত্যা মামলায় জড়াতে চাইনা। বাদী মনিরকে আমরা চিনি না, তাকে বলেনি মামলা করতে।
নিহতের নানা বাচ্চু মিয়া জানান, কে এই মনির তাকে তো আমরা চিনি না। আমার নাতির কোনো শত্রু নেই, যে তাকে অপহরণ করে মেরে ফেলবে। শুনেছি মনির একজন টাউট প্রকারের লোক ও প্রতারক। ভাল মানুষকে মামলায় আসামি দিয়ে লাখ লাখ টাকা আদায় করা তার উদ্দেশ্য ছিল। তা না হলে আমার নাতির মৃত্যুর ঘটনায় সে কেন মামলা করে বিনা দোষের মানুষকে হয়রানি করবে। পুলিশ ঘটনাটি তদন্ত করতে আসলে আমরা সত্য কথা বলবো। ঘটনার জন্য তিনি উল্টো বাদীর বিচার দাবি করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান মোবাইল ফোনে জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা অন্যত্র বদলি হলে আমি দায়িত্ব পায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সময় লাগবে। মামলার আসামিদের অধিকাংশের বাড়ি ভৈরবে। তাই ঘটনার প্রকৃত রহস্য অধিকতর তদন্ত করে উদ্ঘাটন করতে মামলার এজাহার কপি ভৈরব থানায় পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে আমি আইনগত ব্যবস্থা নিবো।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, মামলার কাগজপত্র পেয়েছি। মামলার বাদী, নিহতের পরিবারের সাথে কথা বলা হবে। আসামিদের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করার পর আমাদের পুলিশ তদন্ত প্রতিবেদন পাঠাবে যাত্রাবাড়ী থানায়। পরবর্তীতে যাত্রাবাড়ী পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *