প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে মাদক পাচারকালে ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গঙ্গানগর গ্রামের
জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইকবাল মিয়া(২৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. মাসুম মিয়া(২৬), বাইসার গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে সাদেক মিয়া(৩৮), নোয়াগাঁও গ্রামের টুনু মিয়ার ছেলে শিপন মিয়া(২৯), রাণীয়ারা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো. হেলাল মিয়া(৩৮), বগাবাড়ী এলাকার মৃত মদন মিয়ার ছেলে মো. নুর আমিন (২৪) ও কালতা খুরাইশার গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো. দিদার হোসেন(২৫) কে ৫২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারসহ মাদক বিক্রির ৩৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।