‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ’ শিরোমে প্রকল্পের আওতায় ব্র্যাক কিশোরগঞ্জসহ দেশের ৩৫টি ঝুঁকিপূর্ণ জেলায় মাস্ক ব্যবহারে জনগণের মাঝে সামাজিক সচেতনতা তৈরীর জন্য মাইকিং, সচেতনতা ব্যানার ও লিফলেট বিতরণের কাজ করছে। এই প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ১ লাখ ১২ হাজার পুনঃব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করছে। কমিউনিটি মোবিলাইজারদের মাধ্যমে গ্রামের হাটবাজার, এমনকি বাড়ি বাড়ি গিয়ে এসব মাস্ক বিতরণ করা হচ্ছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জেলার ৬৫টি কোরবানীর পশুর হাটে ১৩০টি বড় ব্যানার, ৪০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং-এর কাজ করা হবে। এর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় জনগণের মাঝে মাস্ক বিতরণের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (ব্র্যাক-এইচএনপিপি) মো. আজহারুল ইসলাম প্রমুখ। এসময় সিভিল সার্জন কোভিড-১৯ মহামারির হাত থেকে বাঁচার জন্য জনগণকে ঘরের বাইরে সার্বক্ষণিক মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং মহামারির এই সময়ে সরকার ও জনগণের পাশে থাকার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।