ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ঢাকা বিভাগের সকল জেলার করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ভিডিও কনফারেন্স করেছেন। এসময় তিনি নমুনা পরীক্ষা বাড়ানো, মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব মেনে চলা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় আড়াই ঘন্টার ভিডিও কনফারেন্সে তিনি ঢাকা বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মিরদানি সেব্রিনা ফ্লোরা, সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনীতিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যার যার জেলার করোনার চিত্র গৃহীত ব্যবস্থাদি নিয়ে কথা বলেন। কিশোরগঞ্জের জেলা করোনা প্রতিরোধ কমিটি কালেক্টরেট সম্মেলন কক্ষ থেকে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিল। এসময় কিশোরগঞ্জ প্রান্ত থেকে জেলার চিত্র বর্ণনা করে চলমান কর্মপন্থা ও আগামী দিনে করণীয় বিষয়ে কথা বলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এসময় তারা কিশোরগঞ্জ সদর উপজেলার চরম অবনতিশীল চিত্র তুলে ধরেন এবং করোনা নিয়ন্ত্রণে সারা জেলায় চলমান ভ্রাম্যমান আদালতের কার্যক্রম তুলে ধরেন। সেই সঙ্গে কয়েকটি জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ থাকার কথা তুলে ধরেন এবং জেলার মধ্যে হাওরের উপজেলাগুলো এখনও সংক্রমণ থেকে অনেকটা মুক্ত আছে বলে উল্লেখ করেন। জবাবে মন্ত্রী পরিষদ সচিব হাওরের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য তাগিদ দিয়ে আনসার বাহিনী এবং কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাসহ সবাইকে কাজে লাগানোর তাগিদ দেন।

ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক শামীম আলম -পূর্বকন্ঠ
ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, এনএসআই’র উপ-পরিচালক নুসরাত ইসলাম স্মৃতি, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা আনসার কমান্ড্যান্ট জেএম ইমরান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল ও সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামছুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।