জাতীয় বিজ্ঞান ও পযুক্তি জাদুঘরের উদ্যোগে জেলা পর্যায়ে এবার ২৭ থেকে ২৯ অক্টোবর ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে অন্যান্য বছর কোন না কোন বিদ্যালয় বা প্রতিষ্ঠানের খোলা জায়গায় বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিজ্ঞান ক্লাবগুলো তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে প্রদর্শনী স্টল সাজাতো। মিলনায়তনে আয়োজন করা হতো সেমিনারের। কিন্তু এবছর কোভিড পরিস্থিতির কারণে অনলাইনে প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আর এবার সেমিনারও হয়েছে অনলাইনে জুম প্রযুক্তিতে।
কিশোরগঞ্জে আজ ২৮ অক্টোবর বেলা ১১টায় ‘খাদ্য নিরাপত্তা ঃ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ প্রতিপাদ্য নিয়ে জুমে সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আর প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, পৌর মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, সরকারি গুরুদয়াল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গাজী আশরাফুল আলম, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আহসানুল হক প্রমুখ।
ড. ফরিদা ইয়াসমিন বারী তার প্রবন্ধে খাদ্য দূষণ সম্পর্কে বলেন, নানাভাবে খাদ্যে দূষণ ঘটতে পারে। কীটনাশকের মাধ্যমে জমি থেকে হতে পারে, রান্না থেকে হতে পারে, সংরক্ষণের ভুলে হতে পারে, অনিরাপদ পদ্ধতিতে খাওয়ার মাধ্যমে হতে পরে। অনেকে শুঁটকিতে কীটনাশক ব্যবহার করেন, মুড়িতে ইউরিয়া প্রয়োগ করেন, আবার পোল্ট্রিতে এন্টিবায়োটিক ব্যবহার করেন। পোল্ট্রি, গবাদি পশু বা মাছ চাষে বিষাক্ত খাবার দেয়া হয়। এগুলি মানুষ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। মানুষের কিডনীর সমস্যা, পেটের পীড়া, মাথা ব্যথা, জন্ডিসসহ নানা রোগ হতে পারে। আবার দূষিত খাবার খেলে মানবদেহের প্রয়োজনীয় হরমোন ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি মাছ-মাংস প্রয়োজনীয় তাপমাত্রায় রান্নার পরামর্শ দিয়েছেন। ফ্রিজে সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে বলেছেন। আবার ফ্রিজে এক সঙ্গে কাঁচা খাবার ও রান্না করা খাবার না রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, খাদ্যে দূষণ পরীক্ষার জন্য দেশে ১৩ থেকে ১৪টি ল্যাব রয়েছে। তিনি প্রত্যেক জেলায় একটি করে ল্যাব স্থাপন করার প্রস্তাব দিয়েছেন। তিনি জনগণকে প্রশিক্ষিত ও সচেতন হওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিদ্যমান আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা, বিএসটিআই-তে জনবল বৃদ্ধি করার আহবান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেছেন, আমাদের দেশে দিন দিন জমি কমছে, মানুষ বাড়ছে। কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে। সার, যান্ত্রিক চাষাবাদ, মাটির উর্বরা শক্তি বৃদ্ধিসহ নানা উদ্যোগ সরকার গ্রহণ করেছে। এবার করোনা পরিস্থিতিতে হাওরে কম্বাইন হার্ভেস্টারে কম সময়ের মধ্যে ধান করা হয়েছে। পরিকল্পিত উপায়ে খাদ্য সংগ্রহ ও সংরক্ষণও করা হচ্ছে। কৃষি বিজ্ঞানীরা লবন সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছেন। এক মৌসুমের ফসল অন্য মৌসুমে আবাদের মত জাত উদ্ভাবন হচ্ছে। এখন মধু মাসের ফল অন্য সময়েও উৎপাদন হচ্ছে। কৃষি বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের কাছে চাল যাচ্ছে। তবে বিষমুক্ত শাকসবজি নিশ্চিত করার জন্য জমিতে সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করা যায়, জৈব বালাইনাশক প্রয়োগ করা যায়। সরকারের সুদূরপ্রসারি উদ্যোগের ফলে আজকে আমরা বিদেশে চাল রপ্তানি করতে পারছি। ফলে আগামী দিনেও কৃষি উৎপাদনে বিজ্ঞান ও প্রযু্িক্ত নিয়ে কাজ করতে হবে। এভাবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেছেন।