ভৈরবে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের মাসুম মিয়ার পুত্র রাকিব (১২)। সিএনজি চালিত অটোরিকশায় থাকা আরো ৩ যাত্রীসহ চালক সজীব গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ২১ অক্টোবর বুধবার দুপুরে ভৈরবের দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা ও কিশোরগঞ্জগামী মালবাহী পিকআপ ভ্যান ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি ধুমরে মুচরে যায়। এ সময় অটোরিকশাতে থাকা রাকিব (১২) নামে এক শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয়। অটোরিকশা চালক সজীবসহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় গুরুতর আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানায় একটি দুর্ঘটনাজনিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুপুরে কিশোরগঞ্জগামী একটি মালবাহি পিকআপ ভ্যানের সাথে ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাকিব মারা যায় এবং নিহতের বড় ভাই সিএনজি চালক সজীবসহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।