কিশোরগঞ্জে পরাণ (১৮) নামে এক অটোচালককে জবাই করে অটো ছিনতাইকালে চট্টগ্রামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
সদর থানা সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শহরের বটতলা এলাকা থেকে শহরতলির রশিদাবাদ লতিফপুর এলাকার ইদ্রিছ আলীর ছেলে পরাণের অটোরিকশায় যাত্রীবেশে তিন ছিনতাইকারী ওঠে। এদের নিয়ে রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সগড়া এলাকায় যেতেই তিন ছিনতাইকারী অটোরিকশা ছিনতাইয়ের উদ্যোগ নেয়। এক পর্যায়ে এরা চালক পরাণের গলায় ছুরি চালিয়ে দেয়। এসময় স্থানীয় জনগণ ও টহল পুলিশ এগিয়ে গিয়ে চট্টগ্রামের মোগলটুলি এলাকার সালাম মিয়ার ছেলে শরীফকে (১৭) আটক করতে সক্ষম হয়। অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পরাণকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশাটি জব্দ করে সদর থানায় রাখা হয়েছে এবং অন্য দুই ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।