কিশোরগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জীবন ও জীবিকার তাগিদে জেলা সদরের বিনোদন পার্কগুলো শর্তসাপেক্ষে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, দুই শিফটে ধারণ ক্ষমতার অর্ধেক করে দর্শণার্থীর জন্য পার্কগুলো খোলা যাবে বলে সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে কোন বিয়ের অনুষ্ঠান করা যাবে না। নিরাপদ দূরত্ব বজায় রেখে ছোট আকারের সেমিনার বা সভা করা যাবে। কমিউনিটি সেন্টারগুলো বন্ধ থাকবে। আর উপজেলা পর্যায়ের পার্কগুলো খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্ব স্ব উপজেলা করোনা প্রতিরোধ কমিটি । জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা থেকে দু’ঘণ্টাব্যাপী সভায় জুমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
ডা. জাকিয়া নূর এমপি বলেছেন, শহীদ সৈয়ন নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দেশের দ্বিতীয় বৃহত্তম এ ধরনের প্রতিষ্ঠান। এখানে করোনা চিকিৎসার সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা সারা দেশের জন্য একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদাহরণ। এখানকার চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা কর্মিরা যেরকম আন্তরিকাতা আর ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, সেটা এক বিরল দৃষ্টান্ত। তিনি এখানে কোভিড চিকিৎসার পাশাপাশি ননকোভিড রোগিদের চিকিৎসার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এর জন্য তিনি সংশ্লিষ্ট বিভিন্ন মহলে কথা বলেছেন। অচিরেই ঘাটতিগুলো পূরণ করে প্রয়োজনীয় ননকোভিড চিকিৎসা চালু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পুলিশ সুপার বলেছেন, এ জেলায় পুলিশ বিভাগের পাশাপাশি প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সদস্যগণও আক্রান্ত হয়েছেন। এরপরও সাফল্যের সঙ্গে করোনা চিকিৎসা এগিয়ে চলেছে। যারা মারা গেছেন, এদের কেউ কেউ চিকিৎসা সেবার আগেই মারা গেছেন। আবার কেউ কেউ বয়স্ক এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, জেলা পরিষদে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তারা জেলায় দেড় লাখ মাস্ক বিতরণ করবেন। সেই সঙ্গে সাবানও বিতরণ করেবেন। সিভিল সার্জন বলেছেন, রাষ্ট্রপতির প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপন হওয়ায় এখন স্থানীয়ভাবে স্বল্প সময়ের মধ্যে দৈনিক ৯৪টি নমুনা পরীক্ষা করে ফলাফল পাওয়া যাচ্ছে। এতে জেলাবাসী উপকৃত হচ্ছেন। ভৈরবে একটি জিন এক্সপার্ট মেশিন রয়েছে। এই মেশিনে যক্ষা রোগের পরীক্ষা করা হলেও করোনা ভাইরাসের নমুনাও পরীক্ষা করা যাবে। এটি চালু হলে নমুনা পরীক্ষার সংখ্যা আরো বাড়বে। সৈয়দ নজরুল হাসপাতালে ৭টি হাইফ্লোনেজাল ক্যানুলা স্থাপনসহ সামগ্রিক আয়োজনের ফলে এখানে করোনার উন্নতমানের চিকিৎসা হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ২,৬৬৯ জনের করোনা শনাক্ত হলেও সুস্থ হয়েছেন মোট ২,৪৭৯ জন। ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর আজ জেলায় চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। জেলায় সুস্থতার হারও বেশি, শতকরা ৯২ দশমিক ৮৮ ভাগ। আজ সৈয়দ নজরুল হাসপাতালে ৩১ জন করোনা রোগি ভর্তি আছেন। এর মধ্যে চারজন আছেন আইসিইউ-তে। তিনি যেসব স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্ট ও আউটসোর্সিং কর্মি কাজ করছেন, তাদের আর্থিক প্রনোদনা এবং ভবিষ্যতে সরকারি চাকুরি প্রাপ্তিতে অগ্রাধিকার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন। সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালক বলেছেন, তার হাসপাতালের একাংশে মাত্র কয়েকজন করোনা রোগির চিকিৎসা হয়। বাকি বিরাট অংশ ননকোভিড রোগিদের জন্য উপযোগি করা দরকার। তাহলে অন্যান্য রোগিরাও সেবা পাবেন। স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ বলেছেন, সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এখন মাত্র ১৮ জন চিকিৎসক আছেন। এখানে কার্ডিয়াক বিভাগ ও শিশু বিভাগ বন্ধ। আরো অনেক পদ খালি। ফলে এখানে এখন মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। এর সুরাহা দরকার। মেয়র বলেছেন, মানুষ ঘরে বন্দি থাকতে থাকতে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে। পৌরসভার যেমন পার্ক রয়েছে, জেলা সদরে আরো পার্ক রয়েছে। সেগুলি শর্তসাপেক্ষে খুলে দেয়া যেতে পারে। বিএমএ সম্পাদক বলেছেন, সৈয়দ নজরুল হাসপাতালে করোনা চিকিৎসায় যেসব ইন্টার্নি ডাক্তার, স্বেচ্ছাসেবী এবং আউটসোর্সিং-এর লোকজন কাজ করেন, তাদের খাদ্যের কোন সংস্থান করা যাচ্ছে না। ফলে তারা সমস্যায় আছেন। তাদের জন্য আর্থিক বরাদ্দ দরকার বলে তিনি দাবি জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সভায় উপস্থিত সংসদ সদস্যসহ অন্যদের মতামতের ভিত্তিতে জেলা সদরের পার্কগুলো স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খুলে দেয়ার পক্ষে সিদ্ধান্ত দেন। তবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শিফট, আর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু করে পার্কগুলো খোলা রাখা যাবে। দর্শণার্থী থাকবে ধারণ ক্ষমতার অর্ধেক। তবে দুই শিফটের মাঝখানে পার্কটি জীবাণুমুক্ত করতে হবে। প্রতিটি রাইডে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে। আর দর্শণার্থীদের জন্য পার্কের প্রবেশমুখে জীবাণুমুক্তকরণ টানেল রাখতে হবে। তবে কোন কমিউনিটি সেন্টার খোলা যাবে না। আর হাসপাতালের স্বেচ্ছাসেবী ও আউটসোর্সিং কর্মিদের প্রনোদনা বা খাবারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য মাইকিং করা হবে, টিম করে তদারকি করা হবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করা গেলে সংক্রমণ আরো কমে যেত বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরো জানান, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, ‘নো মাস্ক, নো সার্ভিস’। অর্থাৎ কেউ মাস্ক ছাড়া আসলে তিনি সরকারি কোন দপ্তরের সেবা পাবেন না। এভাবেই প্রতিটি মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হবে বলে সভাপতি জানিয়ে দেন।