কিশোরগঞ্জে করোনার বিস্তার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় ২২ আগস্ট শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন জনকে মাস্ক ব্যবহার না করাসহ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে অর্থদণ্ড দিয়েছেন। জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও অর্ণব দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে ১২ হাজার ৪শ’ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮ মোটরসাইকেল আরোহীকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। এসময় পুলিশ ও র্যাব আদালতকে সহায়তা করেন। এছাড়া সারা জেলায় মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৮৫ জনকে ৫৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।