# নিজস্ব প্রতিবেদক :-
দেহ ব্যবসায় বাধা দেওয়ায় এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় কিশোরগঞ্জের আদালতে তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে। ঘটনার ১৭ বছর পর ২০ মে মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা দু’টি পৃথক রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
আসামিরা হলেন, ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শাফিল উদ্দিনের ছেলে মো. সুমন (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের কাইয়ুম সরকারের স্ত্রী সেলিনা বেগম শিউলী (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে শোভা ওরফে মেঘনা (৩৬)। রায়ের সময় সেলিনা বেগম শিউলী আদালতে উপস্থিত থাকলেও সুমন ও মেঘনা পলাতক। অপর এক আসামি মহরম আলী মামলা চলাকালে মারা গেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার সরকার পক্ষের কৌশুলি শফিউজ্জামান ভূঁইয়া।
মামলার বিবরণ ও আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ আলী ভৈরবের হাজী আছমত কলেজে বিএস-সি প্রথম বর্ষে পড়তেন। তিনি কলেজ ছাত্রাবাসে থাকতেন। আসামি শিউলী ও মেঘনা পেশাদার দেহ ব্যবসায়ী। মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদ এদেরকে দেহ ব্যবসায় বাধা দিতেন। ফলে শিউলী ও মেঘনা দুই খুনি ভৈরবের সুমন ও মহরম আলীকে টাকার বিনিময়ে ভাড়া করেন মোহাম্মদ আলী ও মুরাদকে খুন করার জন্য। ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে মোহাম্মদ আলী ও মুরাদ কলেজ গেট দিয়ে ঢোকার সময় সুমন ও মহরম তাদের ওপর হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মোহাম্মদ আলীকে ভৈরবের কমলপুর এলাকার মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মুরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বাবা সামছুদ্দিন মিয়া বাদী হয়ে পরদিন ভৈরব থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশের তদন্তে সুমন, মহরম, শিউলী ও মেঘনাকে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে মামলা চলাকলে মহরম মারা গেছেন।
মামলার রায়ে ৩০২ ও ৩৪ ধারায় সুমন, শিউলী ও মেঘনাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ৩২৬ ও ৩৪ ধারায় এ তিন আসামিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর আসামি শিউলীকে কারাগারে পাঠানো হয়েছে।