# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় এই সহায়তা প্রদান করা হয়। এসময় মানবিকতার ভৈরব পরিবার সংগঠনের পৃষ্ঠপোষক মনির হোসেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, জয়, তুহিন, রোহান, ছামাদ, ইমরান, এনামুল হক, রিপুসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মানবিকতার ভৈরব পরিবার সংগঠনের পৃষ্ঠপোষক মনির হোসেন বলেন, ৮ সেপ্টেম্বর রোববার রাত থেকে নদীতে ভাঙ্গন দেখা দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দুটি তেলের ডিপো, বিএডিসির দুটি সারের গোদাম রয়েছে। সাথে রয়েছে দুটি রেল ও একটি সড়ক সেতু। খুব দ্রুত সময়ের মধ্যে শহর রক্ষা বাঁধ প্রয়োজন। শহর রক্ষা বাঁধ না হলে যে কোন মুহুর্তে বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে। ঐতিহ্যবাহী নদী বন্দর ভৈরব বাজার যে কোন সময় মেঘনায় বিলীন হয়ে যেতে পারে। মানুষ মানুষের জন্য। আমরা অসহায় মানুষদের জন্য কাজ করছি। আমাদের অনেক মানবিক কর্মী রয়েছে। নদী ভাঙ্গনের বেশ কয়েকটি বসতি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মানুষগুলো আজ ছন্নছাড়া। মানবিকতার ভৈরব পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আমরা চাই সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া হোক।