# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে পবিত্র মাহে রবিউল আওয়াল ও সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর আগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়। ৮ সেপ্টেম্বর রোববার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা ভৈরব উপজেলার যৌথ ব্যবস্থাপনায় এই শোভাযাত্রার আয়োজন করেন। ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড থেকে বের হয়ে দুর্জয় মোড় হয়ে ভৈরববাজার প্রদক্ষিণ করে মাতৃসদনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি পীরে তরিকত শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. রুবেল হোসেন, হযরত মাওলানা হাফেজ বাহার উদ্দিন আশরাফী, হযরত মাওলানা এমদাদুল হক্ব বখশী, হযরত মাওলানা এমদাদুল হক্ব সুন্নী আল-ক্বাদেরী, যুবনেতা মাওলানা বিল্লাল হোসাইন মোজাহেদী ও ছাত্রনেতা মুহাম্মদ মোজাক্কির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, হিজরী চন্দ্র মাসের অন্যতম মাস হলো রবিউল আওয়াল মাস। যেই মাসে দুনিয়ার জমিনে শুভাগমন করেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম রসুল হযরত মোহাম্মদ (দ.)। যেই নবীজীর কারণে আল্লাহ রাব্বুল আলামীন এই সমগ্র জাহান সৃষ্টি করেছেন। সেই নবীজীর শুভাগমনে খুশি হয়েছিল তামাম মাখলুকাত জুলুছ করেছিলেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা। বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা দয়াল নবীজীর শুভাগমন উপলক্ষ্যে যেই জুলুছ করেন তা মুলত আল্লাহর পুত পবিত্র ফেরেশতাদের অনুসরণ বৈ আর কিছু নয়। এই জশনে জুলুছ হচ্ছে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।