# মোস্তফা কামাল :-
মধু মাস জ্যৈষ্ঠের লোভনীয় দামী ফল লিচু। প্রধানত এলাকাভিত্তিক ফলন দিয়েই দেশব্যাপী লিচুর চাহিদা পূরণ হয়ে থাকে। পাকুন্দিয়া উপজেলার আলোচিত মঙ্গলবাড়িয়া এলাকার লিচুও দেশের নানা প্রান্তে যায়। তবে এবার দীর্ঘমেয়াদী খরা আর শেষ দিকের শিলাবৃষ্টিতে লিচুর অভাবনীয় ক্ষতি হয়েছে। খরায় অকালে ঝরে গেছে অধিকাংশ মুকুল। যেগুলি গাছে ঝুলছিল, সেগুলিরও একটি বড় অংশ শিলাবৃষ্টিতে পড়ে গেছে। যেগুলি টিকে রয়েছে, এরও একটি অংশ ফেটে চৌচির। মাছি ভন ভন করছে। আবার অনেক লিচুর গায়ে পচনের কালচে দাগ দেখা গেছে।
গাছের মালিক আর বেপারিরা জানালেন, এবার ফলনের এক-চতুর্থাংশ লিচু পাওয়া যাবে। আবার ঠিকমত পুষ্টও হয়নি। গাছের মালিকরা বোল থাকতেই বেপারিদের কাছে আগাম টাকা নিয়ে গাছ বিক্রি করে দেন। কিন্তু বেপারিরা এবার পড়েছেন বড় ক্ষতির মুখে। যে টাকা বিনিয়োগ করেছেন, এর মাত্র ২৫ ভাগ ওঠাতে পারবেন বলে ধারণা দিয়েছেন। লিচুর স্বল্পতার কারণে এবার দামও বেশি। একশ লিচু বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। গতবার ছিল ৫শ থেকে ৬শ টাকা।
বৃহস্পতিবার মঙ্গলবাড়িয়া এলাকায় গিয়ে দেখা গেছে, পুরো এলাকা জুড়ে সারি সারি লিচু গাছ। কিছু কিছু গাছে অল্প পরিমাণ লিচু দেখা গেলেও বহু গাছই ফাঁকা। সেখানে দেখা গেছে, গাছের ছায়ায় বসে আছেন গাছ মালিক সেলিম মিয়া। তিনি জানালেন, এবার ১৪টি গাছ তিনি বোল থাকতেই বেপারিদের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। কিন্তু এবার বৈরি আবহাওয়ার কারণে যেভাবে ক্ষতি হয়েছে, তাতে বেপারি ২৫ ভাগ টাকা ওঠাতে পারবেন কি না, তিনি সন্দিহান।
এলাকার বেপারি মো. বায়তুল্লাহ এবং আব্দুর রহিমকে দেখা গেছে, শ্রমিক লাগিয়ে বিভিন্ন গাছ থেকে অল্প অল্প করে লিচু সংগ্রহ করছেন। সেগুলি গাছ তলায় বসে ৫০টি করে মুঠি বাঁধছেন। তাঁরা জানালেন, এবার ৭০টি গাছ কিনেছিলেন ৮ লাখ টাকায়। কিন্তু দুই লাখ টাকা নিয়ে ঘরে ফিরতে পারবেন কি না, সংশয়ে আছেন। এবারের মত কোন বছরই এ রকম বৈরি আবহাওয়া দেখেননি। কোন বছরই লাভ ছাড়া ক্ষতি হয়নি। এবারই প্রথম ক্ষতির মুখে পড়লেন। এবার প্রতি একশ লিচু এক হাজার টাকায় বিক্রি করছেন বলে তাঁরা জানালেন।
একই গ্রামের ক্রেতা পোল্ট্রি খামারি মহসীন মিয়া ক্ষোভের সাথে জানালেন, তিনি এই গ্রামেরই মানুষ। অথচ তাঁর কাছেও দ্বিতীয় গ্রেডের একশ লিচুর দাম রেখেছে ৮০০ টাকা। এক হাজার টাকার লিচুটা কিনতে সাহস করেননি। গতবছর এই লিচুর দাম ছিল ৫০০ টাকা। তিনি বললেন, ‘ইতিহাসে এই প্রথম একটি লিচুর দাম ১০ টাকা’।
বাগানের পাকা লিচুর প্রধান শত্রু বাদুর আর চামচিকা। এগুলির হাত থেকে লিচু রক্ষার জন্য বাগানিরা গাছের বাইরে জাল দিয়ে ঘেরাও করে রেখেছেন। সেই জালে বেশ কয়েকটি বাদুর আর চামচিকা মরে ঝুলে থাকতে দেখা গেছে।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানিয়েছেন, মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ৫ হাজার লিচু গাছ রয়েছে। প্রতি মৌসুমে ৮ কোটি থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি হয়। গাছে বোল আসার শুরু থেকে তিনি ওই গ্রামে নিয়মিত পরিদর্শনে যান। বাগানিদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন। কৃষি পণ্যের চেয়েও লিচু লাভজনক বলে অনেকেই কৃষি জমিতে লিচুর বাগান করছেন। সেই কারণেই ওই এলাকায় দিন দিন লিচু আবাদের প্রসার ঘটছে। তবে এবারের বৈরি আবহাওয়ার কারণে অভাবনীয় ক্ষতি হয়েছে বলে তিনিও স্বীকার করেছেন।