কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভায় আগামীকাল ১৬ জানুয়ারি শনিবার ভোটগ্রহণ। বৃহস্পতিবার রাতে ছিল শেষ প্রচারণা। এদিন আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পিএনপি’র মেয়র প্রার্থীও রয়েছেন। তবে প্রচারণার মাঠে ছিল আওয়ামী লীগ ও বিএনপি। শেষ দিন বৃহস্পতিবার দুই দলই গণসংযোগ আর পথসভায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরও আওয়ামী লীগের নেতাকর্মিরা তাদের প্রার্থী পারভেজ মিয়ার ছবি সংবলিত প্রচারপত্র, আর বিএনপির নেতাকর্মিরা তাদের প্রার্থী হাজী ইসরাইল মিয়ার ছবি সংবলিত প্রচারপত্র হাতে নিয়ে গণসংযোগ চালিয়েছেন। আবার পুরো পৌর এলাকায় উভয় দলের অনেক পথসভাও হয়েছে। এতে নারী নেতাকর্মিরাও যোগ দিয়েছিলেন।