# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় এক প্রসূতি এক সঙ্গে তিনটি সন্তান প্রসব করেছেন। শিশুদের একটি মেয়ে ও দুটি ছেলে। ৫ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান জন্মদানের ঘটনাটি ঘটেছে। নরমাল ডেলিভারি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব।
প্রসবে সহায়তাকারী নার্সিং সুপারভাইজার কিংকরী রাণী রায় জানিয়েছেন, ইটনা সদরের উদিয়ারপাড় এলাকার কৃষক আব্দুল হান্নানের স্ত্রী গুলেজা বেগমের (৪৫) এর আগে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সবগুলোই স্বাভাবিক প্রসব হয়েছে। এবার তার ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রসবের নির্ধারিত সময় ছিল। গত ৩ নভেম্বর রোববার তিনি কিশোরগঞ্জে গিয়ে পরীক্ষা করালে যমজ সন্তানের তথ্য জানানো হয়। তখন সিজারের সিদ্ধান্ত নিয়ে বাড়ি আসেন। কিন্তু মঙ্গলবার রাত ৮টার দিকে গুলেজা প্রসব ব্যথা নিয়ে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় আবহাওয়া খুব খারাপ ছিল। যে কারণে অন্য কোথাও পাঠানোর উপায় ছিল না। ফলে এখানেই চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে প্রথম একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর দ্বিতীয় ছেলে জন্মানোর পর কিংকরি রাণী ভেবেছিলেন প্রসবের কাজ শেষ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আরও একটি বাচ্চার আলামত দেখতে পান। তখন তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেয় মেয়েটি। তিনি জানান, বাচ্চাগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে খুবই কম। একটি ছেলের ওজন ১ হাজার ৭০০ গ্রাম, একটি ছেলের ওজন ১ হাজার ৫০০ গ্রাম, আর মেয়েটির ওজন ১ হাজার ২০০ গ্রাম। তবে প্রত্যেকটি শিশুরই নাড়াছাড়া ছিল স্বাভাবিক। এরপরও ঝুঁকি এড়ানোর জন্য রাতেই আবহাওয়া ভাল হলে তাদের নিয়ে যাওয়া হয় করিমগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রসূতি এবং শিশুরা ভাল আছে বলে কিংকরি রাণী জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব জানিয়েছেন, একটি নবজাতকের ওজন অন্তত ২ হাজার ৭০০ গ্রাম থাকতে হয়। কিন্তু তিনটি বাচ্চার ওজন খুবই কম থাকার কারণেই তাদেরকে উন্নত ব্যবস্থাপনার জন্য রেফার করা হয়েছে।